গোপালগঞ্জে গতিহারা মধুমতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুমতী আছে; তবে সে মধুমতী এখন আর প্রমত্তা নদী নয়। মধুমতী এখন এক হাজামজা খাল। তার দুই মুখ বন্ধ। পূর্ব-পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার লম্বা খালটি বয়ে গেছে গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে। উভয় দিক থেকে চেপে আসা শহর মধুমতী নদীকে কেবল শীর্ণকায়া খালেই পরিণত করেনি, তাকে ভয়ানক দূষিতও করে ফেলেছে। পানির রং গাছের পাতার মতো সবুজ, দূষিত। সেই যে পল্লিকবি জসীমউদ্দীন লিখেছিলেন ‘বেদের বহর ভাসিয়া চলিছে মধুমতী নদী দিয়া’, সে আজ অতীত দিনের ধূসর স্মৃতি মাত্র। শুধু বেদের বহর কেন, গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া এই মধুমতী নদীতে সমুদ্রগামী জাহাজও চলাচল করেছে। সে খুব বেশি দিন আগের কথা নয়। শহরে এমন অনেক লোকই আছেন, যাঁদের মনে সেই স্মৃতি উজ্জ্বল হয়ে আছে। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজির শিক্ষক আতিয়ার রসুল বললেন, ‘স্বাধীনতার আগেও মধুমতীতে বড় বড় লঞ্চ, এমনকি সমুদ্রগামী জাহাজও চলাচল করেছে। এখন তো এটিকে নদী বলারই আর উপায় নেই।’ শহরের তরুণ প্রজন্মের কাছে এটি এখন লেক। তাঁরা অবশ্য চান শহরের মধ্য দিয়ে বয়ে চলা লেকটির সংস্কার করা হোক। তাতে অন্তত শহরের শোভা বাড়বে।নদী তার স্রোতের প্রবাহ হারিয়ে ফেললে সে নদীকে কি সংস্কার করা অতই সহজ? ১৩ আগস্ট গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমেই মধুমতীর এই বেহাল অবস্থা দেখে মনে হয়েছিল, রাজধানীতে বুড়িগঙ্গার যে পরিণতি, মধুমতীরও পরিণতি ঠিক তেমনি। একই রকম দূষণ। শহরের সব নর্দমার মুখ এসে মিশেছে এর সঙ্গে। তরল বর্জ্য তো অবিরত পড়ছেই, সঙ্গে আছে কঠিন বর্জ্যও। উপরন্তু মধুমতীর দুই মুখ বন্ধ। খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর-পশ্চিমে হরিদাসপুরে এবং পূর্ব-দক্ষিণে চাঁপাইতে নদীর মুখ বন্ধ করে দিয়ে মাছেরচাষ করা হচ্ছে। নগদ লাভটাই হালজামানায় সব থেকে বড় বিবেচ্য। বন্ধ নদীর মুখ খুলে দিলে মাছ ভেসে যাবে। তাতে অনেক লোকসান। অতএব, নদী আটকাও। স্রোত গতিহারা। তরল-কঠিন আবর্জনায় মধুমতী এখন বিষতুল্য।কুষ্টিয়া থেকে গড়াই নদ নড়াইলে এসে মধুমতী নাম নিয়ে বয়ে গেছে পিরোজপুরের ওপর দিয়ে ভাটির দিকে। সেই মধুমতীর একটি ধারা চলে গেছে বাগেরহাট ও গোপালগঞ্জের কোল ঘেঁষে। এখানে এসেই তার এই গতিহারা দিশেহারা হাল। অথচ নদীটি হতে পারত এই শহরের প্রাণস্পন্দন। এককালে ছিলও তাই।উভয় পাশ থেকে শহর বাড়তে থাকায় মধুমতীর স্যান্ডউইচ হওয়ার জোগাড়। তার পরও খালে পরিণত হওয়া মধুমতীর অন্তত কিয়দংশকে সাফসুতরো করে তাকে স্বচ্ছ সলিলা করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। তবে কাজটি যে বেশ কঠিন, সে কথা খোলাখুুলিই জানিয়ে দিলেন গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী গোপালকৃষ্ণ দেবনাথ। তাঁর কাছে গিয়ে জানা গেল, মধুমতী খাল উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় খননের কাজ চলছে। ৯০ শতাংশ কাজ হয়েছে। এর পরের প্রকল্পে খালের উভয় পাশে পায়ে চলার পথ নির্মাণ, ছয়টি সেতু নির্মাণ ও একটি পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এগুলো করার এখতিয়ার পৌরসভার। তাঁরা কেবল খননের কাজটিই করছেন। সমস্যা হলো, খনন করেও কোনো লাভ হচ্ছে না। নির্বাহী প্রকৌশলী জানালেন, শহের পয়োনিষ্কাশনের কোনো আলাদা ব্যবস্থা নেই। সবগুলো নর্দমা এসে পড়েছে এই নদীতে। উপরন্তু কাঁচাবাজারে ফলের আড়তে রোজ যে চার-পাঁচ ট্রাক ফল নামে, তার সব বর্জ্য দেদারস ফেলা হচ্ছে এখানে। গেরস্তালি কঠিন বর্জ্যও। তাই খনন করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজেই সব থেকে আগে দরকার মধুমতীকে দূষণমুক্ত রাখা। তা করতে না পারলে আধমরা মধুমতী একেবারেই মরে যাবে। গোপালগঞ্জবাসী অবশ্য আশা করে আছেন, খালে পরিণত হলেও মধুমতী দিয়ে আবার প্রবাহিত হবে সেই আগের মতো স্বচ্ছ সলিল ধারা। শহরের সৌন্দর্যের প্রধান অনুষঙ্গে পরিণত হবে তাঁদের মধুমতী। দূষণ-দখল বন্ধ করতে না পারলে যে এই আশা দুরাশাই থেকে যাবে!