গোপালগঞ্জে চিংড়ি চাষ বন্ধের পথে
পোনা-সংকট ও মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং মাছ চুরির কারণে গোপালগঞ্জে চিংড়ি চাষে বিপর্যয় দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় ছোট-বড় অনেক চিংড়ি ঘেরে মাছ চাষ বন্ধ রয়েছে। চিংড়ি মাছের অনেক আড়তও বন্ধ হয়ে গেছে। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রতি মৌসুমে জেলার চিংড়িচাষিরা ১৫ থেকে ২০ কোটি টাকার চিংড়ি উৎপাদন করেন। উৎপাদন খরচ বাদে তাঁরা প্রায় ৮-১০ কোটি টাকা লাভ করতেন। বিভিন্ন উপজেলায় তৈরি তিন হাজার ১৪১টি ঘের বর্তমানে অনাবাদি পড়ে আছে। এর মধ্যে প্রায় দেড় হাজার ঘেরে আর কখনও চিড়িং আবাদ না করার সিদ্ধান্ত নিয়েছে মালিকের পক্ষ। যেগুলো চালু রয়েছে তার অর্ধেকেরও বেশি ঘেরে চিংড়ির বদলে কার্প জাতীয় মাছের আবাদ করছেন চাষিরা। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর, সিলনা, গুয়াধানা, বোড়াশী, তেঘড়িয়া, দীঘারকুল, কাজুলিয়া, বাজুনিয়া, কাঠি, মাঝিগাতী, ভোজেরগাতী, শিবপুর কুশলী, টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া, পাথরঘাটা, ডুমুরিয়া, লেবুতলা, বর্ণি, রূপহাটি, বাসুরিয়া, পারকুশলী, বালাডাঙ্গা, গোপালপুর বাঁশবাড়িয়া, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি, তারাশি, চিতশী, রাধাগঞ্জ, পিঞ্জুরী, ধারাবাসাইল, কান্দি, রামশীলসহ শতাধিক গ্রামে প্রায় দুই যুগ ধরে চিংড়ি চাষ হয়ে আসছে। এ ব্যাপারে শহরতলির রঘুনাথপুর গ্রামের দুলাল বিশ্বাস বলেন, ‘এ ইউনিয়নে প্রায় এক হাজার চিংড়ি ঘের রয়েছে। রেণুুপোনার মূল্য বৃদ্ধি, মাছ চুরি, চিংড়ি খাবারের দাম বৃদ্ধি, শামুকের অপ্রতুলতার কারণ ছাড়াও চিংড়ির ন্যায্যমূল্য না পাওয়ায় চাষিরা মূলত হতাশা থেকে চিংড়ি আবাদ ছেড়ে দিয়েছেন। একসময় এই গ্রামের প্রতিটি কৃষক চিংড়ি আবাদ করলেও এখন তাঁরা আর চিংড়ি চাষ করেন না। তাঁদের ঘেরে এখন আর পানি নেই। ঘেরের ভেতরের জমিতে শুধু ধান চাষ করেই তাঁদের সন্তুষ্ট থাকতে হচ্ছে।’ রঘুনাথপুর গ্রামের চিংড়িচাষি হরষিত বিশ্বাস, হরিপদ বিশ্বাস, সমীর মালাকার ও বিকাশ মণ্ডল, টুঙ্গিপাড়ার জোয়ারিয়া গ্রামের সিমন সরকার, কোটালীপাড়ার কুরপালা গ্রামের মেহেদী হাসান ও মিজানুর রহমান জানান, তারা ১৬ থেকে ১৬ বছর আগে ধানের জমি কেটে চিংড়ির ঘের তৈরি করেন। প্রথম সাত-আট বছর পয়সার মুখ দেখেছেন। কিন্তু কয়েক বছর হলো চিংড়ি ঘেরগুলোয় মাছ বড় হওয়ার পর চোরেরা ঘেরে বিষ ঢেলে মাছ চুরি করে নিয়ে যায়। বেশ কয়েকবার চোর ধরা পড়েছে কিন্তু চোরেরা এলাকার প্রভাবশালী হওয়ায় ছাড় পেয়ে যায়। আবার কয়েকবার চোর ধরে পুলিশে দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পর ছাড়া পেয়ে আবার মাছ চুরি করে। এরপর চিংড়ির পরিবর্তে কার্প জাতীয় মাছের চাষ শুরু করা হয়। ওই মাছও চুরি করে নিয়ে যায়। ফলে বাধ্য হয়ে তারা মাছ চাষ বন্ধ করে দিয়েছেন। এখন সবাই কৃষি ব্যাংক এবং বিভিন্ন এনজিওর কাছে লাখ লাখ টাকার দেনা। এই দেনা নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।রঘুনাথপুর স্কুলপাড়া এলাকার চিংড়ি ঘের মালিক সুবল বিশ্বাস (৬৫) বলেন, ‘আমি প্রথমে তিন বিঘা জমিতে ঘের করি। দুই বছর হলো চিংড়ি চাষ ছেড়ে দিয়েছি। একে তো পোনার দাম বেশি, তার ওপর নদীর পোনা বলে হ্যাচারির পোনা দেয়। খাবারের দাম বেশি। কষ্ট করে মাছ বড় বানাই। এক সময় রাতের অন্ধকারে বিষ দিয়ে বেবাক মাছ চুরি করে নিয়ে যায়। চিংড়ি চাষ করে সংসারটা একটু সচ্ছল হচ্ছিল, ঠিক সেই সময় আমাদের কপালে বাধা এল। পুলিশ যদি চোর ঠেকাতি পারত, তা হলে আমরা এই বিপদ থেকে রেহাই পাতাম।’ গোপালগঞ্জের চিংড়ির খাবার বিক্রেতা দীপক সাহা বলেন, ‘খাবারের দাম কোনো বিষয় নয়। প্রতিবছর খাবারের দাম ৫০ কেজির বস্তায় ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পায়, এতে চাষিদের লাভ হয়তো ১০০র জায়গায় ৯৫ টাকা হবে। আসল কারণ হলো, মাছ চুরি। চাষিরা অনেক চেষ্টা করেও মাছ চুরি বন্ধ করতে পারেননি। আর এ কারণেই চিংড়ি চাষ ছেড়ে দিয়েছেন রঘুনাথপুর ইউনিয়নের চাষিরা। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও একই অবস্থা।’জেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ হাসান বলেন, ‘এ এলাকার কয়েক হাজার হেক্টর জমি এখন পতিত অবস্থায় থাকে। ঘের তৈরির পর চাষিরা কয়েকবার প্রাকৃতিক দুর্যোগ, ক্রমাগত মাছ চুরিসহ নানা কারণে হোঁচট খেয়েছেন। এতে তাঁরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। জমি কেটে ঘের তৈরি করায় সেখানে ধান চাষও করতে পারছেন না। এই ঘেরগুলোয় সরকারি কোনো প্রকল্প গ্রহণ করলে চাষিরা অর্থনৈতিকভাবে উপকার পেতেন। এই এলাকার চাষিরা হ্যাচারির পোনা চাষ করতে চান না। তাই সরকারি হ্যাচারির উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু প্রাইভেট চারটি হ্যাচারতে যে পরিমাণ পোনা উৎপাদিত হয়, তা এ জেলার চাহিদা মিটিয়েও অন্য জেলায় সরবরাহ করা সম্ভব।’পুলিশ সুপার মোহম্মদ আবদুল কুদ্দুছ আমিন বলেন, ‘চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে চোরেরা মাছ চুরি করে, এটা আমার জানা নেই। তা ছাড়া চাষিরা কখনো এ বিষয় নিয়ে আমার কাছে আসেননি। এলে শুনে ব্যবস্থা নেব।’