গোপালগঞ্জে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত, আটক ৫
বাস থেকে এক কলেজছাত্রকে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের গোপীনাথপুরে আজ রোববার ঢাকা-খুলনা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচ ছাত্রকে আটক করেছে পুলিশ।আটক ছাত্ররা হলেন চন্দ্রদিঘলিয়া পলিটেকনিকের ছাত্র মিঠুন দাস (১৯) ও তনু শরীফ (১৭), গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের প্রথম বর্ষের ছাত্র জরিপ মুন্সী (১৬), পথচারী দুলাল চৌধুরী (৩০) ও রেজাউল চৌধুরী (২৮)।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কলেজে আসার জন্য রাসেল শরীফ নামে কাজী জহুরুল হক কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী একটি লোকাল বাসে ওঠেন। বাসের শ্রমিকদের সঙ্গে ভাড়া নিয়ে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেলকে চলন্ত বাস থেকে লাথি মেরে শ্রমিকেরা রাস্তায় ফেলে দেন। এই খবর ছড়িয়ে পড়লে ওই কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন এবং বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের ধাওয়া করলে তাঁরা শ্রেণীকক্ষের ভেতর আশ্রয় নেন। কলেজের ছাত্রীসহ শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ। পুলিশ কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামকে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি ধাওয়ার সময় এতে পুলিশ, শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হন।কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক তোফাজ্জেল হোসেন জানান, পুলিশ ক্লাসরুমে মধ্যে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠিপেটা করে। এ সময় পুলিশ অধ্যক্ষ মো. সাইফুল ইসলামকে তাঁর কক্ষ থেকে কয়েকবার টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে।কলেজের অধ্যক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ আজ যে ঘটনা ঘটিয়েছে, তা ন্যক্কারজনক। এটা মানবতা-বিবর্জিত ঘটনা। এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছে। পুলিশের চার-পাঁচজন সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত।শেষ খবর পাওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামানের নেতৃত্বে বাস-মালিক সমিতি, কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যের মধ্যে বৈঠক চলছে।