গোপালগঞ্জে জেএমবি নেতা মাওলানা ওবাইদুর গ্রেপ্তার
গোপালগঞ্জ শহরের ঘোষেরচর ইসলামপাড়া এলাকা থেকে গতকাল বুধবার জেএমবির নেতা মাওলানা ওবাইদুর রহমান ইবনে আবদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ওবাইদুর জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের আপন ভাই। ঘোষেরচর ইসলামপাড়া এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে কর্তব্যরত টহল পুলিশ তাঁকে আটক করে।আজ বৃহস্পতিবার বিকেলে মাওলানা ওবাইদুরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে হাকিম দীলিপ কুমার ভৌমিক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, মাওলানা ওবাইদুর মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলা মামলার আসামি হিসেবে গোপালগঞ্জ জেলা কারাগারে আটক ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় গতকালই তিনি গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। পুলিশ ধারণা করছে, গ্রেপ্তার হওয়া ওই জেএমবির নেতা গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। বানিয়ারচর গির্জায় বোমা হামলা মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ দমন বিভাগের গোপালগঞ্জ জেলা অফিসের পরিদর্শক শেখ মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, সন্দেহজনকভাবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও অন্যান্য জঙ্গি কার্যক্রমে তাঁর সংশ্লিষ্টতা আছে কি না, তা নতুন করে তদন্ত করে দেখা হচ্ছে।