গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন বাসশ্রমিকেরা। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের জের ধরে আজ বুধবার বেলা ১১টা থেকে মহাসড়কটি তাঁরা অবরোধ করে রাখেন। ফলে রাস্তার দুই পাশে কয়েক শ যান আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সকাল ১০টায় ইনস্টিটিউটের ছাত্ররা সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় সড়ক অবরোধ করে ছয়টি বাস ভাঙচুর করে। এর প্রতিবাদে বাসশ্রমিকেরা বেলা ১১টা থেকে মহাসড়কের ওই স্থানে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। শ্রমিকেরা লাঠি হাতে মহড়া দিচ্ছেন। তাঁরা বেশ কয়েকটি ইজি বাইকও ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগে গত সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে ভাড়া নিয়ে একটি বাসের সুপারভাইজারের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে বাসের শ্রমিকেরা ওই ছাত্রদের মারধর করে ও চলন্ত বাস থেকে তিন ছাত্রকে রাস্তায় ফেলে দেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে প্রশাসনের মধ্যস্থতায় তারা অবরোধ তুলে নেয়। বিষয়টি মীমাংসার জন্য আজ সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউটে বসার কথা ছিল। কিন্তু বৈঠক ওই স্থানে না হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হওয়ায় ছাত্ররা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ, অধ্যক্ষের কক্ষসহ চারটি কক্ষ ও ছয়টি বাস ভাঙচুর করে।গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ জানান, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিনা কারণে বাস ভাঙচুর করায় শ্রমিকেরা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি মীমাংসার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক চলছে।