গোপালগঞ্জে তৈরি পোশাকের দোকানে ক্রেতাদের ভিড়
গোপালগঞ্জে তৈরি পোশাকের বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় বেশি। এর বাইরে একটু রুচিশীল মানুষ ভিড় করছে আপনঘর, হলমার্ক, ইনার স্টাইল ইত্যাদি বিপণিবিতানে। আপনঘর ও হলমার্কে বাচ্চাদের থ্রিপিস ও ফতুয়া রয়েছে বেশ আনকমন। ঢাকার বিভিন্ন নামকরা বুটিক হাউস, শাড়ি হাউস থেকে এরা বাছাই করে বিভিন্ন পণ্য এনেছেন। তাই ক্রেতাদের মধ্যে একটি শ্রেণী দামের দিকে না তাকিয়ে এই দোকানগুলোতে ঝুঁকছেন। ছেলেদের ফতুয়া ৩৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বড় থ্রিপিস ১৫০০ থেকে ৩০০০ হাজার টাকা। অ্যান্ডি কটন থ্রি পিস ১৫০০ থেকে ২৫০০ টাকা। এপ্লিক, ব্লক বাটিক ও এমব্রয়ডারির কাজ করা ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়ার দাম ৭৫০ থেকে ১০৫০ টাকা। সুতি পাঞ্জাবি (কারচুপি কাজ করা) ৯৫০ থেকে ১১৫০ টাকা। হলমার্কের শোরুমে এড্রয়েটের জামদানি শাড়ি ৭০০০ টাকা, আপনঘরে ঢাকার নবরূপার অ্যান্ডি সিল্কের শাড়ি ৬৫০০ টাকা, টিসু শাড়ির ওপর ব্লক, বুটিক ও বাটিকের কাজ করা শাড়ি ৩২০০ থেকে ৪০০০ টাকা, ব্লক এমব্রয়ডারি শাড়ি ৭৫০ থেকে ১০৫০ টাকা, নবরূপা অ্যান্ডি সিল্কের ওপর চুমকি ও অ্যাপলিকের কাজ করা শাড়ি ৬০০০ থেকে ৮০০০ টাকা। কুমিল্লার খাদির তৈরি মেঘ ও নিত্য উপহারের পাঞ্জাবি ৭৫০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। আপনঘর এনেছে ভারতে তৈরি সার্জের কালো কাপড়ের পাঞ্জাবি। এই পাঞ্জাবির গলায় ও হাতে এমব্রয়ডারির কাজ করা। দাম ১৮০০ থেকে ২০০০ টাকা। মেয়েদের ড্রেস সাকিরা, রাজকুমারী ফ্রক, ওয়াকা ওয়াকা, মাসাক্কালির মূল্য ৭৫০ থেকে ১২৫০ টাকা। বড়দের জিন্সের প্যান্ট ৩৫০ থেকে ৯৫০ টাকা। বিভিন্ন বয়সের ছেলেদের জিন্সের ও গ্যাবাডিনের প্যান্ট ৩৫০ থেকে ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া শহরের মোসলেম প্লাজা, অনন্যা বিপণি, কাপুড়িয়া পট্টি, সেন্ডেল পট্টির তৈরি পোশাকের দোকান ও জুতা-স্যান্ডেলের দোকান বিশেষ করে বাটা বাজার, এপেক্সের দোকানে বেশ ক্রেতা সমাগম ঘটেছে। বসে নেই ছিট কাপড়ের দোকানিরাও। রাসেল ক্লথ, নজরুল ক্লথ স্টোর, রাসেল কালেকশন, ফ্যাশান ক্লথ স্টোর, চন্দ্রমুখী, মোমিন বস্ত্রালয়, বাবুল বস্ত্রালয়ের কালেকশন যেমন বেশি তেমনি মানুষ এসব দোকান থেকেই তাদের পণ্য কিনতে বেশি আগ্রহ প্রকাশ করছে। থ্রিপিস, শার্ট, প্যান্টের কাপড় বিক্রি হচ্ছে দেদার। শাড়ির দোকানের মধ্যে ফেন্সি শাড়ি হাউস, দিনার শাড়ি কালেকশন, বলাকা বস্ত্রালয় ও রাসু পোদ্দারের দোকানের কালেকশন বেশি। এসব দোকানে ভিড়ও তাই বেশি। দাম যাই হোকে না কেন সবাই কিনছে। ঈদ ও পূজার বাজার একসঙ্গে হওয়ায় ভিড় উপচে পড়ছে। সেই সঙ্গে দর্জির দোকানেও দর্জিরা রাতদিন কাজ করে যাচ্ছে।ইনার স্টাইলের মালিক মিনার সিকদার বলেন, ‘দিন যত যাচ্ছে ক্রেতাদের ভিড় ও চাহিদা ততই বাড়ছে। যারা একটু ভালো ও আলাদা পোশাক খোঁজ করছেন এমন ক্রেতারাই আমার দোকানে আসেন। ভারত থেকে প্রতিবারের মতো এবারও আমি সব পোশাক বাছাই করে আমদানি করেছি। আমার কালেকশনের মধ্যে শিশু-কিশোর থেকে সব বয়সের মানুষের পোশাক ও জুতা-সেন্ডল, কসমেটিকস, ভেনিটি ব্যাগ ও নারীদের নিত্যব্যবহার্য সবকিছু রয়েছে দোকানের দ্বিতীয় তলায় লেডিস কর্নারে। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নির্বিঘ্নে আরামের সঙ্গে কেনাকাটা করার সুযোগ রয়েছে। এ ছাড়া ঘর-গৃহস্থালির অনেক জিনিস এখানে পাবেন।