গোপালগঞ্জে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ
গোপালগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছেন কেবল অপারেটররা। আজ মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ওই চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সেখানকার কেবল অপারেটররা আরও ঘোষণা দিয়েছেন, শাহবাগের আন্দোলন নিয়ে যে টিভি চ্যানেল বিকৃত সংবাদ প্রচার করবে, সে টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। স্যাট পয়েন্ট কেবলের পরিচালক ও গোপালগঞ্জ ভিশনের অংশীদার দিলীপ কুমার সাহা বলেন, শাহবাগে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গণ-আন্দোলন চলছে। সেই ঢেউ এখন সারা বাংলাদেশে। তিনি আরও বলেন, ‘আন্দোলনকারীরা দেশবাসীর কাছে জামায়াতের সব প্রতিষ্ঠান বয়কটের জন্য আহ্বান জানান। কিন্তু জামায়েতের টিভি চ্যানেল দিগন্ত এই আন্দোলন নিয়ে বিকৃত সংবাদ প্রচার করছে। তাই এই আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে গোপালগঞ্জে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছি।’ তিনি আরও বলেন, শুধু দিগন্ত টিভি নয়, অন্য কোনো চ্যানেল যদি এই আন্দোলন নিয়ে বিকৃত সংবাদ প্রচার করে, তবে সেই চ্যানেলগুলোরও সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।টুঙ্গিপাড়া উপজেলার তৃষা কেবল নেটওয়ার্কের মালিক আমিনুর রহমান বলেন, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান। টুঙ্গিপাড়াবাসী জামায়েতের টিভি চ্যানেল দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করার দাবি জানান। এ কারণেই তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।