গোপালগঞ্জে দুই ছাত্রের শাস্তির প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ
গোপালগঞ্জের স্বর্ণকলি স্কুলে দুই ছাত্রকে শাস্তি দেওয়ায় আজ রোববার সকালে ছাত্ররা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।শিক্ষার্থীরা জানায়, গতকাল দশম শ্রেণীর দুজন ছাত্র অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে একটি শো-পিস উপহার দেয়। এতে স্কুলের প্রধান শিক্ষক সুকান্তি মণ্ডল ওই দুই ছাত্রকে ছাত্রীটির পায়ে ধরিয়ে রেখে স্কুলচত্বরে দুই ঘণ্টা শাস্তি দেন। এভাবে শাস্তি দেওয়ার প্রতিবাদে আজ সকালে ছাত্ররা ক্লাস থেকে বের হয়ে স্কুলটির গেট ভাঙচুর করে। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. মতিউর রহমান বলেন, তদন্তের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠানো হয়েছে।সুকান্তি মণ্ডল জানান, ওই ছাত্রী তার কাছে অভিযোগ করেছিল। তিনি স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন মাত্র। কোনো ছাত্র কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করলে তার জন্য কঠোর শাস্তির বিধান রেখে ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।তবে স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম হুমায়ূন কবীর জানান, কমিটি এ ধরনের কোনো শাস্তির বিধান রেখেছে বলে তাঁর জানা নেই।