গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ বুধবার সকালে বাস ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।নিহতেরা হলেন—উপজেলার দিঘরগাতী গ্রামের আনন্দ বিশ্বাস (৫০) এবং সাজাইল গ্রামের বিপুল বাগচী (৩০)। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে গাছের ডালবোঝাই কয়েকটি নসিমন সারি বেঁধে মহাসড়ক দিয়ে চলছিল। কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভুলবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে নসিমনগুলো একে অপরের সঙ্গে পাল্লা দিতে শুরু করে। এ সময় বিপরীত দিক থেকে সজল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি নসিমনের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে ঢালে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।