গোপালগঞ্জে বাসচাপায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের চাপায় কামাল শেখ (২০) নামের একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনতা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রেখেছে। আজ শুক্রবার সকালে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত কামাল শেখ টুঙ্গিপাড়া উপজেলার চর গিমাডাঙ্গা গ্রামের বাদশা শেখের ছেলে। তিনি শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল হক জানান, আজ সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কামালকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে এলাকাবাসী সড়কের ওই স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।বেলা একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমডিয়ায় আজ সকালে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।