গোপালগঞ্জে বিডিআর বিদ্রোহ মামলার আসামি অপহূত!
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলার পলাতক আসামি (সিপাহি নং ৫৭৩১৪) নজরুল ইসলাম মল্লিক অপহূত হয়েছেন বলে মামলা হয়েছে। ১৭ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় এ মামলা করেন নজরুলের স্ত্রী মুন্নি আক্তার। পুলিশ দাবি করেছে, নজরুল ইসলাম বিডিআর বিদ্রোহের পর কোটালীপাড়ায় এসে নাম পরিবর্তন করে আত্মগোপন করে ছিলেন। তিনি এখানে নুরুল আমীন মুন্সি নাম নিয়ে একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি নেন।কোটালীপাড়া থানার পুলিশ সূত্র জানায়, বিদ্রোহের সময় নজরুল পিলখানায় বিডিআর হাসপাতালে কর্মরত ছিলেন। বিদ্রোহের পর তিনি পালিয়ে যান। পিলখানা থেকে পলাতক আসামিদের তালিকায় তাঁর নাম ২৩ নম্বরে। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। গত বছরের এপ্রিল মাসে তিনি কোটালীপাড়ায় আসেন। নিজেকে ঝালকাঠির নলছিটি উপজেলার সোবহান মুন্সির ছেলে নুরুল আমীন মুন্সি পরিচয় দিয়ে চাকরি নেন।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ফয়সাল জানান, মামলার তদন্ত করার সময় বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়। এর মাধ্যমেই বেরিয়ে আসে, অপহরণের শিকার নুরুল আমীন আসলে নজরুল ইসলাম। তিনি বিডিআর বিদ্রোহের পলাতক মোস্ট ওয়ানটেড আসামি।এজাহারে বলা হয়েছে, ১৫ মার্চ বিকেলে কোম্পানির কাজে বিক্রয়কর্মী রুহুল আমীন শেখকে নিয়ে মোটরসাইকেলে কাঠিগ্রামের উদ্দেশে রওনা দেন নুরুল আমীন। পথিমধ্যে বান্তার মোড়ে একটি মাইক্রোবাস মোটরসাইকেল থামিয়ে তাদের অপহরণ করে নিয়ে যায়।গতকাল সন্ধ্যায় নজরুলের স্ত্রী মুন্নি আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন আর লুকাছাপা করে লাভ নেই। তাঁর স্বামী আসলে বিডিআর বিদ্রোহের পলাতক আসামি। এত দিন কোটালীপাড়ায় আত্মগোপন করে ছদ্মনামে একটি কোম্পানিতে চাকরি করতেন।’ তবে তাঁর স্বামীকে কোনো গোয়েন্দা সংস্থা বা অন্য কেউ অপহরণ করেছে কি না, তা তিনি জানেন না।ওসি ফেরদৌস ফয়সাল আরও জানান, এজাহারে আসামিদের নাম উল্লেখ নেই। এটি সাজানো ঘটনা হয়ে থাকতে পারে।