গোপালগঞ্জে ব্যবসায়ী খুন
গোপালগঞ্জে জিবরাইল মোল্লা (৩০) নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোবরা চারঘাটা খাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত জিবরাইল মোল্লা চরপাথালিয়া গ্রামের আলম মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ চরপাথালিয়া গ্রামের ঠান্ডু মোল্লা (৫০) ও তাঁর বোন নাসিমা বেগমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। গোবরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত নয়টার দিকে জিবরাইলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় তাঁর আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করে। সকালে স্থানীয় কৃষকেরা চারঘাটা খালে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, নিহতের গলায় তিনটি কোপের চিহ্ন রয়েছে। তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে। টাকা-পয়সাসংক্রান্ত বিরোধের জের ধরে জিবরাইলকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।