গোপালগঞ্জে সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ এবং সাংবাদিক, পুলিশসহ ৫০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে।সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন খায়রুল ইসলাম (৩২), আফজাল (১৮) ও রুবেল (১৮)। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ছাম্মিন শেখ (১৯) ও রুবেল কাজী। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন অনীক (১৮), মফিজুর রহমান (২২), রনি আহমেদ (১৯)। বাকি একজনের নাম পুলিশ জানাতে পারেনি।প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, আজ সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এলাকাবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে জনকণ্ঠ ও নিউ এইজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সদস্য এবায়দুল ইটের আঘাতে আহত হন।প্রত্যক্ষদর্শী লোকজন আরও বলেন, গতকাল রোববার রাত নয়টার দিকে মিয়াপাড়ার আমিনুল হককে গেটপাড়া এলাকার কয়েকজন যুবক কুপিয়ে আহত করেন। ওই ঘটনা মীমাংসার জন্য মিয়াপাড়ার মুরব্বিরা বেদগ্রামে সালিস বৈঠকের জন্য যান। সেখানে তাঁদের ওপর হামলা হয়। এর জের ধরে আজ সকালে গেটপাড়া, বেদগ্রাম, গোলাবাড়িয়া এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্বশক্রতা ও এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় গুলিবর্ষণ ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গোপালগঞ্জ পৌরসভার মেয়র রেজাউল হক সিকদার ক্ষতিগ্রস্ত বাড়ি ও এলাকা পরিদর্শন করেছেন।