গোপালগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সেচব্যবস্থার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এস এম আরকান কাজী (৫৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি বোরো ধানের সেচব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে দুই চাচাতো ভাই নজরুল খোন্দকার ও সাইদ খোন্দকারের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সাইদের দখলে থাকা সেচব্যবস্থার দখল নিয়ে নেন নজরুল খোন্দকার। এ নিয়ে গতকাল বুধবার উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আজ বিকেলে নজরুল ও সাইদের মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের লোকজন ইটপাটকেল ও লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন। পরে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম আরকান কাজী সংঘর্ষ থামাতে গেলে লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। চিকিত্সার জন্য সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির বড় ছেলে শাহ আলম বাদী হয়ে একটি অভিযোগপত্র দাখিল করেছেন।