গোপালগঞ্জে সংঘর্ষে একজন নিহত, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নিহতের নাম কাওসার খান (৪৫)। আজ বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে ঢাকায় নেওয়ার পথে কাওসার মারা যান। মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল বুধবার ঈদের জামাতের আগে ওই গ্রামে আবেদ আলী খাঁ ও নুরু শেখের লোকজনের মধ্যে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে ছয়টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত নয়জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। কাওসার খানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান।