গোপালগঞ্জে সংঘর্ষে নিহত এক, ৩০ ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে আজ মঙ্গলবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আকফার মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কমপক্ষে ৩০টি ঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে শহীদ মোল্লা (৪০), সোহেল মোল্লা (২৫) ও উজ্জ্বল মোল্লাকে (৩৩) গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া জুয়েল মোল্লা (৩০), ইনজাহেল মোল্লা (৪৫), সিরাজ মোল্লা (৪৫), বিলায়েত মোল্লা (৫৫), অহিদ মোল্লা (৩৮) ও জাহানারা বেগমকে (৩৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত ব্যক্তিদের শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঘোষেরচর গ্রামের উত্তরপাড়ার ঠান্ডা মোল্লা ও গঞ্জর মোল্লার লোকজনের মধ্যে রমজান মাসে দুই-তিনবার ছোটখাটো মারামারির ঘটনা ঘটে। গতকাল সোমবার ঈদের নামাজের সময় উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি তাত্ক্ষণিক মীমাংসা হয়। কথা ছিল, আগামীকাল বুধবার সকালে এ নিয়ে সালিস বৈঠক হবে। কিন্তু আজ সকালেই দুই পক্ষের লোকজন ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। এতে আকফার মোল্লাসহ ২৫ জন আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য খুলনায় নেওয়ার পথে বেলা তিনটার দিকে আকফার মোল্লার মৃত্যু হয়। এই খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর সংঘর্ষ নতুন মাত্রা পায়। বেলা সাড়ে তিনটার দিকে আকফার মোল্লার সমর্থকেরা সোয়েব মোল্লার বাড়ির তিনটি ঘর ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এরপর আবার শুরু হয় পাল্টাপাল্টি হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ।সন্ধ্যা ছয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত ছিল। গ্রামের রাস্তায় পুলিশ টহল দিলেও পরিস্থিতির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।ঘটনাস্থল থেকে দমকলবাহিনীর স্টেশন কর্মকর্তা সাহদাত হোসেন বলেন, কমপক্ষে ৩০টি ঘরে আগুন দেওয়া হচ্ছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে যাচ্ছে। এর মধ্যেই নতুন নতুন বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। আগুন নেভাতে গিয়ে মো. রফিক নামের দমকলবাহিনীর এক কর্মী আহত হয়েছেন।ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর মোল্লা জানান, তাঁর পাঁচটি ঘরে পুলিশের সামনেই আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়িটি ভাঙচুর করে। লুটপাটও হয়। পরে খড় আর কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।গোপালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, শতাধিক ঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তবে পুলিশ এখনো কেউকে গ্রেপ্তার করেনি।