গোপালগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার কোনাগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও পুলিশের সংঘর্ষে পুলিশের কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত নয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও বাকিদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার গায়ে কেউ ঢিল ছোড়ে। এমন সংবাদ ছড়িয়ে পড়লে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের চিরপ্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী মুকুল খাঁ ও মুকসুদ খাঁর পক্ষে কোনা গ্রামের লোকজন বিভক্ত হয়ে পড়ে। তারা মুকুল খাঁর বাড়ির পাশে ঢাল-শরকি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে পুলিশ যায়। উপপরির্দশক শফিকুল ইসলাম আরও বলেন, তিনিসহ সাত সদস্যের পুলিশ দল উভয় পক্ষকে নির্বৃত্ত করার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে হামলাকারীরা। একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ। উপপরিদর্শক শফিকুল ইসলামকে মারধর শুরু করলে পুলিশ শর্টগানের গুলি ছুড়তে শুরু করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হামলাকারীদের হটিয়ে দেয়।