গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন বাসের হেলপার সদর উপজেলার গোবরা গ্রামের হাফিজ শেখের ছেলে আ. হাকিম (২০) ও আইসক্রিম বিক্রেতা শিশু লাইস শেখ (১২)। লাইস কোটালীপাড়া উপজেলার আমবাড়ী গ্রামের রিয়াজুল শেখের ছেলে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, স্থানীয় একটি বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যায়। ওসি আরও জানান, আহতদের ১২ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।