গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গোপালগঞ্জে আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন চন্দ্রদিঘলিয়া উত্তরপাড়ার মো. খবির উদ্দিন মোল্লা (৬০), বাওইশোনা গ্রামের মিন্টু মোল্ল¬ার মেয়ে সুমী (৮) এবং গোপীনাথপুর উত্তরপাড়ার চান মিয়া (৬৫)। গুরুতর আহত ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আহত বাসযাত্রী মিজান শেখ বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে তাঁদের বহনকারী বাসটি সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ায় এক পথচারীকে চাপা দেয়। এর চার কিলোমিটার দূরে বিজয়পাশা বাসস্ট্যান্ডে বাসটি দাঁড়িয়ে থাকা একটি পত্রিকাবাহী মাইক্রোবাসকে বাসটি ধাক্কা দেয়।গোপালগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক আইয়ুব হোসেন বলেন, গোপীনাথপুরে পথচারীকে চাপায় দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিজয়পাশায় এসে বাসটি পেছন থেকে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়।