গোপালগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে দোকানের জায়গার সীমানা নিয়ে গতকাল শনিবার রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় বাজারের ২০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে একটি দোকান তোলাকে কেন্দ্র করে চরমাটলা গ্রামের সহিদ সমাদ্দার এবং ফুকরা গ্রামের সুলতান খাঁর মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে সুলতান খাঁ বোয়ালিয়া বাজারে একটি জায়গার ওপর দোকান তুলতে গেলে সহিদ সমাদ্দার বাধা দেন। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাত নয়টার দিকে দ্বিতীয়বারের মতো সুলতান খাঁ দোকান ঘর তুলতে গেলে সহিদ সমাদ্দার বাধা দেন এবং কথাকাটাকাটির একপর্যায়ে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় দলের কমপক্ষে ৩০ জন আহত হয়। তাদের মধ্যে মারাত্মক আহত চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক নওশের আলী জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন বাজারের ২০টি দোকান ভাঙচুর, কয়েকটি দোকানের মালামাল নষ্ট ও লুটপাট করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।