গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাটের ভাটাপাড়া-ব্যাসপুর সড়কে বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহর শরীফ (৩২) নামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।আজ রোববার বিকেল তিনটার এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের কুবাদ শরীফের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর যাওয়ার পথে খায়েরহাটে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি সড়কের ওপর উল্টে পড়ে যায়। আর মোটরসাইকেলের চালক শহর শরীফ ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া মোটরসাইকেলের আরও দুই আরোহীসহ বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।