গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জে শহরতলির মান্দারতলা নামক এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালক, যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে গোপালগঞ্জ অংশে ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক আমির আলী (৪০) ও যাত্রী বলাই (৩০) ও তাঁর মা (৫৫)।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউদ্দিন জানান, আজ বিকেলে পিরোজপুরের নাজিরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের ওই স্থানে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বলাই মারা যান। এ সময় বাসটি না থেমে ভ্যানটিকে টেনে নিয়ে যায়। তিন কিলোমিটার যাওয়ার পর শহরের ৪০ নম্বর ব্রিজের কাছে বলাইয়ের মা মারা যান। সেখান থেকে আরও আধা কিলোমিটার দূরে চেচানিয়াকান্দিতে ভ্যানচালক আমির মারা যান।এই দৃশ্য দেখে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে বাসটি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে গাড়ির আগুন নেভাতে এলে বিক্ষুব্ধ লোকজনের ধাওয়ায় তাঁরা সরে যান। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভান।