গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন চিকিৎসকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝড়ায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচজন যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দুজন চিকিৎসক মারা যান। তাঁরা নড়াইলের লোহাগাড়ায় সাপ্তাহিক ছুটির দিনে চিকিৎসা সেবা দিতে এসেছিলেন। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মো. রফিকুল হক জানান, নিহত দুই চিকিত্সক ও মাইক্রোবাসের চালকসহ চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহত চিকিৎসকেরা হলেন, বিএসএমএমইউর দন্ত বিভাগের চিকিৎসক মাহবুবুল হক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালের চক্ষু চিকিৎসক দেবাশীষ। মাইক্রোবাসের চালকের নাম ইমরুল (৩৫)। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. লতিফ জানান, হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে। এটি কাশিয়ানীর কালনা ঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, চাকা ফেটে যাওয়ায় দোলা পরিবহনের ঢাকাগামী বাসটির সঙ্গে যাত্রীবাহী ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।