গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি রাস্তার ওপর আড়াআড়ি পড়ে থাকায় মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে বাগেরহাটের পাথরঘাটা যাওয়ার সময় রুমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। মুকুসুদপুর থানাপুলিশ জানায়, নিহতেরা হলেন, তানিয়া (১৬), হাসান (১২), হোসেন (২) ও তাদের মা রিনা বেগম (৩৫)। তাদের বাড়ি পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার মিঠাখালি গ্রামে। এছাড়া আহত হালিমা বেগম (৩০) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ও সাহেব আলী (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল থেকে জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে মুকসুদপুর ও ছয়জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।