গোপালগঞ্জে ২ পরিবারের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত
গোপালগঞ্জের চর মাহিকদাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ওই গ্রামের মোল্লা ও মিয়া বংশের পরিবারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় গোলাম এলাহী (২৬) ও মো. জুয়েল মোল্লা (২২) নামের দুজনকে আটক করেছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার পানির বিশুদ্ধকরণ প্লান্টে কর্মরত অবস্থায় মিয়া বংশের মাহবুব মিয়াকে মোল্লা বাড়ির লোকজন মারধর করে। এ নিয়ে দুই বংশের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ঘটনার জের ধরে আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সংঘর্ষকারীদের ইটপাটকেলের আঘাতে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন, তদন্ত সহায়ক কর্মকর্তা কাজী মতিয়ার রহমান, এসআই কামাল হোসেন, মো. শফিক, গিয়াস উদ্দিন, মো. আবদুল সোবহানসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুই পরিবারের ৩৫ জনেরও বেশি আহত হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।