গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস ধর্মঘট
গোপালগঞ্জের কোটালীপাড়ার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে আজ বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি লোকাল বাসের চালক ও সুপারভাইজারের সঙ্গে যাত্রী ও গ্রামবাসীর মারধরের ঘটনার জের ধরে এ ধর্মঘট ডাকা হয়েছে।গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু জানান, এজাহার নিয়ে আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁদের বাস ধর্মঘট চলবে। প্রয়োজনে অন্যান্য অভ্যন্তরীণ রুটগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি। বাসচালক নাসির ভূঁইয়া জানান, গতকাল বিকেলে পয়সারহাট থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস চালিয়ে গোপালগঞ্জের দিকে আসছিলেন তিনি। পথে যাত্রী নামানো নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে সুপারভাইজার সুমন শেখের কথাকাটাকাটি হয়। একপর্যায় মারধরের ঘটনাও ঘটে। এ সময় এক যাত্রী মুঠো ফোনে ঘটনাটি গ্রামবাসীকে জানিয়ে দেন। এরপর বাসটি মনসাবাড়ীতে পৌঁছালে গ্রামবাসী বাস থামিয়ে সুমন ও নাসিরকে মারধর করে। এ সময় বাসটি ভাঙচুর করা হয় বলে সাইদুর রহমান অভিযোগ করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ এখনো ঘটনাস্থলেই রয়েছে। পলাশ ও ফারুক নামে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা চলছে। আর পুলিশও আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত।