গোপালগঞ্জের গোবরা গ্রামে ২৪৭ একর জমিতে বোরো চাষ না হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরতলির গোবরা গ্রামে সেচের অভাবে প্রায় ১০০ হেক্টর (২৪৭ একর) জমিতে বোরো চাষ হবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা। গোবরার খালের মুখ ও তলদেশ বালুতে ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে তাঁরা জানান।সদর উপজেলা কৃষি অফিস ও কৃষক সূত্রে জানা গেছে, স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা জমি ২০০১ সালে ড্রেজিংয়ের মাধ্যমে ভরাট করার সময় বালুতে খালের মুখ বন্ধ হয়ে যায়। এ ছাড়া বছরের পর বছর পড়ে থাকা বালু বৃষ্টির পানিতে ভেসে গিয়ে খালে জমা হওয়ায় খালটির নাব্যতা কমে যায়। ২০০২ সালে বোরো মৌসুমে খালে পানি না থাকায় কৃষকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ সে সময় খালের মুখের বালু অপসারণ করে। কিন্তু নাব্যতা ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নেয়নি। তা ছাড়া নতুন করে খালের মুখ তৈরি করার কারণে গতিপথও পরিবর্তন হয়ে যায়।এ কারণে এবার বোরো মৌসুমে বিশ্ববিদ্যালয়ের মাঠের উত্তর ও দক্ষিণ পাশের প্রায় ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।গ্রামের কৃষক মাকসুদুল ইসলাম (৩৫), দুলাল চৌধুরী (৪৫), শের জন মোল্লা (৭০) ও একন চৌধুরী (৪০) জানান, খালে এবার পানি নেই বললেই চলে। জোয়ারের সময় তির তির করে পানি আসে। কিন্তু তা দিয়ে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। সেচযন্ত্র এ পানিতে চালানো সম্ভব হচ্ছে না। যন্ত্রগুলো পড়ে আছে। সেচের ড্রেন ও জমি শুকনো। পানি না আসায় কৃষক এখনো জমি প্রস্তুত করতে পারছেন না। খালে পানি না থাকায় নৌ চলাচলও ব্যাহত হচ্ছে।কৃষক মাসুদ চৌধুরী (৩৫) ও মোশারফ মৃধা (৩৭) জানান, ভাদ্র মাসে নিম্নচাপের কারণে খাল দিয়ে একদিন বিলে লোনা পানি ঢুকে পড়ে। এ কারণে ধানের চারাগুলো বাদামি হয়ে যাচ্ছে। তার ওপর জমিতে এ ভরা মৌসুমে সেচের কোনো ব্যবস্থা নেই। ফলে জমিও প্রস্তুত করা যাচ্ছে না। যাঁরা ধান লাগিয়েছেন তাঁদের অবস্থা আরও খারাপ। ধানের চারা কিনে দিনমজুর দিয়ে তা লাগিয়ে এখন পানির জন্য অপেক্ষা করছেন।শফিক কাজী (৩৫) বলেন, ‘জোয়ারের সময় যে পানি আসে তাতে সেচযন্ত্র চলে না। ছোট ছোট মেশিন দিয়ে যেটুকু পানি ওঠে তার ওপর ভরসা করে ধান লাগালে লোকসান আরও বেশি হবে। পরে আর পানি পাওয়া যাবে না। তখন সব ভেস্তে যাবে। তাই এবার শেষমেশ আবাদের চিন্তা বাদ দিয়েছি। আমার মতো অনেকেই জমি আবাদ করছেন না।’সেচযন্ত্রের মালিক কৃষক মুরাদ চৌধুরী জানান, পাথালিয়া ব্রিজ থেকে গোবরা আগা খাল পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার খনন করা জরুরি। তা না হলে সেচ দেওয়া সম্ভব হবে না। গত বছর এলজিইডির প্রকল্পের মাধ্যমে খাল খনন করা হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। শুধু ড্রেজিং হয়েছে। এবার কৃষি অফিস খালটি খনন করে দিক।গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব সাহা বলেন, ‘খবর পেয়ে সরেজমিনে দেখে এসেছি। খাল পুনর্খনন করা ছাড়া সেচব্যবস্থা সচল করার কোনো উপায় নেই। জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করব। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরেরও সুযোগ আছে খালটি খননের। সে ক্ষেত্রে সম্মতি পাওয়া গেলে ঢাকায় প্রস্তাব পাঠানো হবে।’