গোপালগঞ্জের দুটি রুটে বাস ধর্মঘট
গোপালগঞ্জে এক বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে বাস ধর্মঘট পালন করছে গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়ন।আজ রোববার সকাল নয়টা থেকে এই বাস ধর্মঘট শুরু হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, গতকাল বিকেলে কোটালীপাড়া উপজেলার পশ্চিম পাড়ে গোপালগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি ব্যাটারিচালিত ইজি বাইকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ভ্যান ও ইজি বাইকের চালকেরা একত্র হয়ে ওই বাসের চালক মিরাজ খানকে (৫২) মারধর করেন। মিরাজ এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।এ ঘটনায় বাসের শ্রমিকেরা কোটালীপাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেননি। এরই জের ধরে আজ সকাল নয়টা থেকে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বাস ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। ফলে গোপালগঞ্জ-কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাইদুর রহমান।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ দুপুর ১২টার দিকে মামলা নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। তবে আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।