গোপালগঞ্জের বাটিকামারীতে ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে মুকসেদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহারা মাঠ এলাকায় আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা বাহারা মাঠে একই সময়ে অনুষ্ঠানের ঘোষণা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান ১৪৪ ধারা জারি করেন। এলাকাবাসী জানায়, আজ বাহারা মাঠে বর্তমান চেয়ারম্যান জাফর ফকির ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনজুর মোরশেদের সমর্থকেরা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয়। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষের প্রস্তুতি নিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, জাফর ফকির উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনজুর মোরশেদ বিএনপির একজন সমর্থক।