গোপালগঞ্জের সেই জমি থেকে পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ-বাগেরহাট সীমান্তের সেই সব জমি থেকে অবশেষে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে অবৈধ দখল করা জমিতে বাগেরহাট পুলিশ যেসব সাইনবোর্ড পুঁতেছিল, তার অবশিষ্টও তুলে নেওয়া হয়েছে। বাকি সাইনবোর্ডগুলো যাঁদের নামে পোঁতা হয়েছিল, খবর পেয়ে তাঁরাই তোলার ব্যবস্থা করেছিলেন। বাগেরহাট জেলা পুলিশ সুপারের জমি দখলের চেষ্টার ঘটনায় গোপালগঞ্জ পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিন সাংবাদিকদের বলেন, পুলিশ সুপার মিজানুর রহমানের কর্মকাণ্ডে পুরো পুলিশ প্রশাসন বিব্রত। এদিকে গতকাল শুক্রবার প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান। তবে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, পুলিশ প্রশাসন এ প্রতিবাদ সম্পর্কে কিছু জানে না। ফলে ওই প্রতিবাদের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রসঙ্গত, সংবাদপত্রে কোনো প্রতিবাদ জানাতে হলে পুলিশ কর্মকর্তাদের পুলিশ সদর দপ্তরের অনুমতি নিতে হয়। মিজানুর রহমান সে অনুমতি নেননি। প্রতিবাদে মিজানুর রহমান দাবি করেছেন, বাগেরহাট পুলিশ সেখানে কোনো সাইনবোর্ড টাঙায়নি। এলাকার কিছু লোক জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে তাঁর কাছে আবেদন করেন। পুলিশ বাগেরহাটের দুটি মৌজায় শান্তি রক্ষার কাজ করেছে। কোনো দখলকাজে অংশ নেয়নি। সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে স্থানীয় পুলিশ গোপালগঞ্জের চরগোবরা গ্রামে মানুষের জমির ফসল কেটে নেয়ে। জমির মাটি কেটে সীমানার নামে উঁচু রাস্তা তৈরি শুরু করে। জমিতে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়। গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, দুই জেলার সীমান্তের গ্রাম চরগোবরার মানুষ এখনো আতঙ্কে আছে। যেকোনো সময় বাগেরহাট জেলা পুলিশ ও তাদের লোকজন হামলা করতে পারে—এই শঙ্কা তাদের। ভয়ে তারা নিজেদের আবাদি জমিতে যেতে পারছেন না। মিথ্যা অভিযোগে মামলার আশঙ্কাও করছে তারা। জমি দখল নিয়ে খবর প্রকাশের পর গতকাল গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন মাটি কাটার জায়গা পরিমাপ করে এর ছবি তুলে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘খনন করা মাটি দিয়ে পুনরায় সংশ্লিষ্ট জমি ভরাটের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যে কী পরিমাণ মাটি বাগেরহাট পুলিশ কেটেছে, তা পরিমাপ করেছি। এ ব্যাপারে উচ্চপর্যায়ে প্রতিবেদন দেওয়া হবে।’ গতকাল শুক্রবার ওই গ্রামে গেলে গৃহবধূ রিজিয়া বেগম জানান, সকালে উঠে তাঁরা জমিতে কোনো সাইনবোর্ড দেখেননি। গ্রামের বাসিন্দা মাহবুব মোল্লা বলেন, মানুষ বেশ আতঙ্কিত আছেন।