গোপালপুর উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। মেয়র পদে আওয়ামী লীগের তিনজন, বিএনপির তিনজন, জাসদের একজন ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানের পর থেকে তীব্র শীত উপেক্ষা করে প্রার্থীরা মহল্লায় মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা, থানা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সভাপতি আখের আলী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, বর্তমান পৌর মেয়র ও নাটোর জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলামকে থানা বিএনপি মনোনয়ন না দিয়ে গোপালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী নির্বাচনে অংশ নিচ্ছেন। গোলাম মর্তুজা বলেন, ‘থানা ও পৌর আওয়ামী লীগ এবং নাটোর-১ আসনের মহিলা সাংসদ শেফালী মমতাজের পরামর্শক্রমে মেয়র পদে নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে আসছি। দলীয় মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী।’ ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় তিন বছর আগে থানা ও জেলা নেতারা আমাকে পৌর নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। আশা করি, দলীয় মনোনয়ন আমিই পাব।’ অপরদিকে, নাটোর জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক বর্তমান পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম বিএনপির অপর অংশকে সঙ্গে নিয়ে বৈঠক করে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বিএনপি এবারও প্রার্থী মনোনয়নে ভুল করল। পৌরসভার নানামুখী কর্মকাণ্ডের সাফল্যের কারণে আমি এবারও আশাবাদী।’ পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সভাপতি আখের আলী, জাসদের মমতাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যবসায়ী মৌসুম আলম খান গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।