গোবিন্দগঞ্জ পৌর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ কোটি টাকার ক্ষতি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারে আজ শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৯০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সোয়া ছয়টার দিকে গোলাপবাগ পৌর বাজারের কাপড়পট্টির একটি মনোহারি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই আগুন আশপাশে ছড়িয়ে পড়লে বাজারের কাপড়পট্টিতে তৈরি পোশাক, ছিটকাপড়, শাড়ি, লুঙ্গি, জুতা, কসমেটিকস, ওষুধ ও নাইলন সুতার প্রায় ৯০টি দোকান পুড়ে যায়।পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ও বগুড়ার দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আগুন নেভাতে এসে কিছু লোক বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।ফায়ার সার্ভিসের গাইবান্ধা জেলার উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, পৌর বাজারে অন্তত ৮০-৯০টি দোকান পুড়ে গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ করার জন্য ইউনিটের লোকজন কাজ করছে। গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হোসেন প্রধান টুকু জানান, পৌর বাজারের প্রায় ৯০টি দোকান পুড়ে গেছে। এতে ১৫ কোটির টাকার বেশি ক্ষতি হয়েছে।