গোবিন্দগঞ্জ শিক্ষা অফিসে যুবলীগের কর্মীর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে বদলি না করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন জাহাঙ্গীর আলম নামে উপজেলা যুবলীগের এক কর্মী। এ ঘটনায় শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আব্বাস আলী আহত হয়েছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্ত্রী উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবিনা ইয়াসমিন নার্গিস তাঁর বদলির আদেশ চেয়ে কিছুদিন আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি আবেদন করেন। কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নার্গিসের বদলির আদেশ না আসায় স্থানীয় যুবলীগের কর্মী জাহাঙ্গীর আলম আজ দুপুরে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ করতে আসেন। এ সময় শিক্ষা কর্মকর্তাকে না পেয়ে অফিসের উচ্চমান সহকারী (ইউডি) আব্বাস আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।আব্বাস আলী জানান, জাহাঙ্গীরের স্ত্রীর ডেপুটেশন অর্ডার নিয়মানুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হলেও সেখান থেকে আদেশ না আসায় তাঁকে বদলি করা সম্ভব হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর অফিসে এসে ভাঙচুর চালান এবং মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটিতে থাকায় তিনি মোবাইলে ঘটনাটি জেনেছেন। তবে এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।