গোবিন্দগঞ্জে জমি নিয়ে হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাজু মিয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুনতাইড় ফকিরপাড়া গ্রামের সাজু মিয়ার সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে একই গ্রামের ওসমানের মধ্যে বিরোধ চলছিল।আজ দুপুর ১২টার দিকে সাজু মিয়া বাড়ি থেকে মহিমাগঞ্জ বাজারে আসার পথে পুনতাইড় পাছপাড়া নামক স্থানে প্রতিপক্ষ ওসমান ও তাঁর সঙ্গীরা সাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী সাজুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামি ওসমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।