গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলার কাঁটাখালী সেতুর দক্ষিণ পাশে হাওয়াখানা স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন ১১ জন। কালীতলা স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে রয়েছেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের ফরিদ উদ্দিন (৪২), কুড়িগ্রামের চিলমারী উপজেলার শাহ আলমের স্ত্রী রোজিনা বেগম (২৫), কাঁঠালবাড়ী গ্রামের অনুকূল রায়ের ছেলে জীবন কুমার রায় (১৮), ভুরুঙ্গামারীর বড় খাটাময়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মজিবর রহমান (২৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীনগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আবদুল জলিল (৩২), নীলফামারী শহরের বোড়গ্রামের ভুট্টু মিয়া (৩০) ও কীর্তনিয়া পাড়ার রফিকুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (২২)। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।আহত ব্যক্তিদের মধ্যে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং গাইবান্ধা আধুনিক হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার হাওয়াখানা স্থানে মোড় ঘুরতে গেলে বগুড়াগামী একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাস রাজীব এন্টারপ্রাইজের সংঘর্ষ হয়। এতে বাসটির পেছনের ডান পাশের অর্ধেক অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে প্রায় ১০০ গজ দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়জনের। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা একজন (৩৫) এবং হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত আরও একজনের (২০) মৃত্যু হয়। হতাহত ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য প্রশাসক ফজলুল করিম জানান, দুর্ঘটনায় আহত হয়ে মৌসুমী (১৫), মশিউর (৩০), শাহ আলম (৩০), রনি (৭), সন্তোষ কুমার (৩০), তসলিমা (২৫), আবদুল জলিল (২৫), মামুন (১৭) ও অজ্ঞাতনামা দুজন হাসপাতালে ভর্তি হন। তাঁদের বাড়ি কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারীর বিভিন্ন উপজেলায়।এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে কালীতলায় গাইবান্ধাগামী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা মোষবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফরিদ ও অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আলমগীর (২৪) নামের এক ব্যক্তিকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান দুটি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বাড়ি ফেরা হলো না: ভুরুঙ্গামারীর মঙ্গাকবলিত বড় খাটাময়ী গ্রামের বাসিন্দা দুই ভাই জলিল (২৭) ও মজিবর (২৫)। জীবিকার তাগিদে তাঁরা নিজ এলাকা ছাড়েন ২১ দিন আগে। ধান কাটতে চলে যান চট্টগ্রাম ও ফেনীতে। দুই ভাই তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা আয় করেন। কিছু টাকা দিয়ে মায়ের জন্য শীতলপাটি কেনেন মজিবর। দুই ভাই পাশাপাশি বসে চট্টগ্রাম থেকে গতকাল বাড়ি ফিরছিলেন। কিন্তু মাকে আর পাটি ও টাকা দেওয়া হয়নি মজিবরের। কাঁটাখালী সেতুর দক্ষিণপাশে হাওয়াখানা মোড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মজিবরের। গতকাল ছোট ভাইয়ের লাশ দেখে কান্নাজড়িত কণ্ঠে জলিল বলেন, ‘মুই কেমন করি মোর ভাইয়ের লাশ বাড়িত নিয়া যাইম। হামার মা মজিবরের লাশ দেখি মরি যাইবে। পাটিখান মা কেমন করি নিবে।’ জলিল জানান, দুর্ঘটনার পর লাশ উদ্ধারের সময় মজিবরের পকেট থেকে টাকা হাতিয়ে নেন স্থানীয় লোকজন। তিনি বাধা দিয়েও আটকাতে পারেননি।