মোদের গরব মোদের: ২১ ফেব্রুয়ারি
গোবিন্দচরণ পার্ক ছিল সিলেটে ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু
সিলেট শহরে এখন যেখানে হাসান মার্কেট, সেখানে ছিল গোবিন্দচরণ পার্ক। তখন সিলেট শহরে এই পার্ক ছিল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম তথা ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখনকার মতো দ্রুত যোগাযোগমাধ্যম ছিল না। তাই গোবিন্দচরণ পার্কে প্রতিবাদী সভা মানেই দেশে কিছু একটা হয়েছে—এ রকমই ছিল সাধারণ মানুষের ধারণা।আমি ছাত্রত্ব শেষ করে মাত্র পেশাজীবনে প্রবেশ করেছি। সিলেট বারের একজন নবীন আইনজীবী। মুসলিম ছাত্র ফেডারেশনের নেতৃত্ব ছেড়ে পাকিস্তান যুবলীগের সিলেট জেলার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করছিলাম। ছাত্রদের মধ্যে ভাষা আন্দোলনের মানসিক প্রস্তুতি ছিল। তখন ছাত্রদের স্থানীয় ভাষায় ‘চেরাগ’ (বাতি) বলা হতো। সিলেটে ভাষা আন্দোলনের সময় ওই ‘চেরাগ’ নামটি ছিল বিপুলভাবে সমাদৃত।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় মিছিলে গুলিবর্ষণের খবর লোকমুখে জানাজানি হয়। পরদিন ২২ ফেব্রুয়ারি শহরময় খবরটি ভালোভাবে ছড়িয়ে পড়ে। এখানে জাতীয় পত্রিকা প্রতিদিন নিয়মিত পাওয়া যেত না। সিলেটের জন্য ভরসা ছিল স্থানীয় নওবেলাল পত্রিকা। এই পত্রিকা ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছিল। আমারা পত্রিকা অফিসে গিয়ে আগাম খবরাখবর পাওয়ার চেষ্টা করতাম।২২ ফেব্রুয়ারি সিলেটের স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ধর্মঘট-হরতাল সবই যেন একাকার। প্রতিবাদ জানানোর জন্য কাউকে ডাকতে হয়নি। ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষও নিজে থেকেই প্রতিবাদ মিছিল আর সভায় একাত্ম হয়েছে।সিলেট বার লাইব্রেরি থেকে প্রতিবাদের সূচনায় আমি সম্পৃক্ত ছিলাম। সিলেটে সবচেয়ে বড় প্রতিবাদ সভা হয়েছিল ২২ ও ২৪ ফেব্রুয়ারি বিকেলে গোবিন্দচরণ পার্কে। তৃতীয় পর্যায়ের প্রতিবাদ সভায় আমি সভাপতিত্ব করেছিলাম। ভাষা আন্দোলনের কথা মনে হলে এখন কেবল ওই দুটি সভার কথাই আমার বেশি মনে পড়ে। গোবিন্দচরণ পার্কে প্রতিবাদ সভার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি চলে। তখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি পুনর্গঠন হয়। পীর হাবিবুর রহমান (প্রয়াত জননেতা) তখন ছাত্র ফেডারেশনের নেতা। তাঁকে আহ্বায়ক করে কমিটি হয়। এই কমিটির আমিও একজন সদস্য ছিলাম। মাহমুদ আলী (নওবেলাল-এর প্রধান সম্পাদক), সা’দাত খান, মুহম্মদ নুরুল হক, মতছির আলী, কালা মিয়া প্রমুখ নেতৃত্বের সারিতে ছিলেন।ভয় ছিল প্রশাসনিক বাধা আসে কি না, তা নিয়ে। যতদূর জানি, সিলেটের রাস্তায় ছাত্রদের বাঁধভাঙা ঢল দেখে ওপর থেকে নির্দেশ আসে ২২ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার। তখনকার জেলা প্রশাসন সেই নির্দেশ না মেনে ১৪৪ ধারা জারি করেনি। ফলে অস্থিতিশীল বা অপ্রীতিকর কিছু ঘটেনি।গোবিন্দচরণ পার্কে সভার প্রচারের জন্য রাতে হাতে লিখে পোস্টার তৈরি করি। ওই সব পোস্টার শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে সাঁটাই। সভায় যদি মাইক ব্যবহার করতে না দেওয়া হয়, তবে বিকল্প হিসেবে চোঙাও প্রস্তুতি ছিল। রাতেই আট টাকা দিয়ে মাইক ভাড়া করা হয়েছিল, উত্তপ্ত পরিস্থিতির জন্য একটু বেশি ভাড়া দিতে হয়। গোবিন্দচরণ পার্কে একটি কাঠের টেবিল আর একটি চেয়ার রাখ ছিল। তবে সভায় নেতারাসহ সবাই মাটিতে বসে ছিলেন।শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই প্রতিবাদ সভা করেছিলাম। পীর হাবিবুর রহমান প্রধান বক্তা ছিলেন। তাঁর জ্বালাময়ী বক্তৃতা তরুণদের দারুণভাবে উজ্জীবিত করেছিল। সিলেটে একুশে ফেব্রুয়ারির রক্তাক্ত ঘটনায় শোকে আর বিক্ষোভে সপ্তাহজুড়ে উত্তপ্ত ছিল পরিবেশ।ভাষাশহীদদের স্মরণে সিলেটে প্রথম শহীদ মিনার হয়েছিল মদনমোহন কলেজ চত্বরে। কালেক্টরেট ভবনের কাছেও তখন আরেকটি অস্থায়ী শহীদ মিনার ছিল। মুক্তিযুদ্ধের সময় মদনমোহন কলেজ চত্বরের শহীদ মিনার ক্ষতিগ্রস্ত হলে সেটি স্বাধীনতার পর সংস্কার করা হয়। আমরা চেয়েছিলাম ভাষা আন্দোলন থেকে অর্জিত অধিকার আদায়ের ধারা ধরে রাখতে। বাংলাকে কেবল রাষ্ট্রভাষা হিসেবে পেলেই দায়িত্ব শেষ নয়, আন্দোলন চলাকালীনও এই ভাবধারার প্রচারক ছিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাঙালি জাতির বিশাল এই আন্দোলনে কোনো কেন্দ্রীয় কাঠামো ছিল না বলে পরবর্তী সময়ে ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। একসময় খণ্ডিত হয়ে পড়ে। বছর পেরিয়ে একুশে ফেব্রুয়ারি এলে সেই স্মৃতিতে সেই চেতনা মূর্ত হয়ে ওঠে। আজ এত বছর পরও ঠিক সেভাবেই দেখছি। মনিরউদ্দিন আহমদ: সিলেট ল কলেজের সাবেক অধ্যক্ষ, সিলেটে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সদস্য।