গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট
গত ২৬ এপ্রিল বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জরুরি ও বহির্বিভাগ সামলাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। বহির্বিভাগে দায়িত্ব পালনরত স্বাস্থ্য সহকারী সামশুল করিম জানান, হাসপাতালে কর্তব্যরত একমাত্র চিকিৎসা কর্মকর্তা সালাউদ্দীন বাইরে গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দীন শেখ গেছেন জেলা সদরে আদালতে মামলার সাক্ষী দিতে। হাসপাতাল চিকিৎসকশূন্য।হাসপাতালের দন্ত বিভাগে দায়িত্ব পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল হক। আশরাফুল হক বলেন, ‘যন্ত্রপাতি কিছুই নেই, এখানে টুকটাক অর্থাৎ ছোটখাটো সমস্যার চিকিৎসা করে থাকি। কিছুক্ষণ পরেই আসেন হাসপাতালের কর্মকর্তা সালাউদ্দীন। তিনি বলেন, সারা দিন জরুরি বিভাগ, আন্তবিভাগ ও বহির্বিভাগে রোগী একাই সামলাই। এই হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগীর চিকিৎসা হয়। বহির্বিভাগে রোগী সামলানোর জন্য চিকিৎসা সহকারীদের সাহায্য নিতে হয়।সালাউদ্দীন জানান, এই হাসপাতালের প্রধান সমস্যাই হচ্ছে জনবলের সংকট। হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসা কর্মকর্তার পদ রয়েছে নয়টি। এসব নির্ধারিত পদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাই কেবল রয়েছেন। দুজন চিকিৎসা কর্মকর্তাকে প্রেষণে বদলি করে আনা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র থেকে। ২৬ জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই হাসপাতাল চলেছে চিকিৎসকশূন্যভাবে। গত ১২ জানুয়ারি হাসপাতালে যোগদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দীন শেখ। হাসপাতালের অফিস সূত্র জানায়, অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে রয়েছে ২০০৩ সাল থেকে। তিন বছর ধরে অকেজো রয়েছে এক্স-রে মেশিনটিও। নেই ইসিজি ও আলট্রাসনোগ্রাম মেশিন। ৩১ শয্যার হাসপাতাল ভবনটি উন্নীত হয়েছে ৫০ শয্যায়। হাসপাতাল ভবনে নামফলক লাগিয়ে এলাকার সাংসদ মুহা. জিয়াউর রহমান উদ্বোধন করেছেন বছরখানেক আগে। কিন্তু এখনো ভবনটি ব্যবহূত হয় না। ভবনের পুরো আসবাবপত্র এখনো সরবরাহ করা হয়নি।মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দীন জানান, ৫০ শয্যার জনবল কখন পাওয়া যাবে, তার কোনো ঠিক নেই। অ্যাম্বুলেন্স, এক্স-রে মেশিন কবে ঠিক হবে, তারও ঠিক নেই। সিভিল সার্জনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে এসবের জন্য। কিন্তু সাড়া পাওয়া যায়নি।তিনি বলেন, আসলে এগুলো এলাকার সাংসদের তদবির ছাড়া হয় না। এ ব্যাপারে এলাকার সাংসদকেও অবহিত করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের অন্যান্য সমস্যার মধ্যে পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ডবয়ের স্বল্পতাও রয়েছে। এ কারণে হাসপাতাল যথাযথভাবে দুবেলা পরিচ্ছন্ন রাখা যায় না। দুজন নৈশপ্রহরীর স্থলে রয়েছে একজন। প্রায় তিন মাস আগে চুরি হয়েছে নতুন ভবনের গ্রিল। হাসপাতালে নেই কোনো মেকানিকস। নৈশপ্রহরীকে দিয়ে চালাতে হয় পাম্পমেশিন। বিদ্যুতের সমস্যা হলে বাইরে থেকে ডেকে নিয়ে আসতে হয় মেকানিককে। নেই কোষাধ্যক্ষ ও গুদাম রক্ষণ, সহকারী সেবিকা। নেই একজন জ্যেষ্ঠ সেবিকাও। এমন নানাবিধ ‘নেই’-এর মধ্য দিয়ে চালাতে হচ্ছে হাসপাতাল।