গোয়াইনঘাটে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় গোয়াইনঘাট ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার খাদিমপাড়া এলাকার হোটেল হিলভিউর কাছে এই দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীরা হলেন—উপজেলার রাধানগর এলাকার আলমনগর গ্রামের মৃত দানা মিয়ার ছেলে আবদুল আহাদ ও একই উপজেলার কাপাউরা গ্রামের আজিজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন। আহত হয়েছে গোয়াইন গ্রামের বাসিন্দা আশরাফুল আলম। তারা তিনজন একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আজ শনিবার নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে আহাদ, আনোয়ার ও আশরাফুল মোটরসাইকেলে গোয়াইনঘাট থেকে সিলেট আসছিলেন। রাত আটটার দিকে তারা খাদিমপাড়া এলাকার হোটেল হিলভিউর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আহাদ ও আনোয়ার মারা যায়। আশরাফুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুটি মেধাবী প্রাণ ঝরে গেল। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।