গোয়ালন্দে ট্রাক চাপা পড়ে চামড়া ব্যবসায়ী নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে গতকাল শনিবার সন্ধ্যায় ট্রাক চাপা পড়ে কুষ্টিয়ার আরাফাত শেখ (৪৫) নামের এক চামড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ, হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাবর আলী সড়কের বাসিন্দা চামড়া ব্যবসায়ী আরাফাত শেখ একটি পিকআপে করে ঢাকা যাওয়ার সময় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানজটে আটকা পড়েন। এ সময় পিকআপ থেকে নেমে আশপাশে হাঁটাহাঁটি করার সময় একটি চলন্ত ট্রাক তাঁকে পেছন থেকে আঘাত করে। তাঁর সঙ্গে থাকা মো. শাহিন হোসেন নামের আরেক ব্যবসায়ী দ্রুত একটি অটোরিকশাযোগে গুরুতর আহত অবস্থায় আরাফাতকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে আরাফাতের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আরাফাতকে ফরিদপুর নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগেই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেই মারা যান। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।