গোল বলের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা’, ক্রিকেট সম্পর্কে এ রকম একটা কথাই এত দিন ধরে বিজ্ঞজনমুখে শুনে এসেছি। জেনে এসেছি। এবার আমার গ্রামের বাড়িতে বসে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালের খেলা দর্শনকালে ক্রিকেট সম্পর্কে আরও একটি নতুন দর্শনের কথা জানলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে অনেকটা অনায়াস জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের ১০ উইকেটে হারা খেলাটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে যখন মনে হচ্ছিল, ঠিক তখনই অল্প সময়ের ব্যবধানে দুর্ধর্ষ দিলশান, শান্তশ্রী জয়াবর্ধনে এবং অধিনায়ক সাঙ্গাকারাকে হারিয়ে শ্রীলঙ্কা হঠাৎ করেই প্রতিপক্ষের চাপের ভেতর পড়ে। শেষ মুহূর্তে এসে খেলাটি জমে ওঠে। আমি খুশি হই। একপেশে খেলা আমার ভালো লাগে না। তবে খেলার কাছে প্রিয় দলের জয়ই যাঁদের প্রধান প্রত্যাশা, তাঁরা একপেশে খেলার মধ্যেই স্বস্তি বোধ করেন। নিউজিল্যান্ডের বোলারদের হঠাৎ ঝড়ে শ্রীলঙ্কার নিশ্চিত বিজয় যখন প্রশ্নবিদ্ধ, তখন আমাদের গ্রামের কাশবন বিদ্যানিকেতনের নবনিযুক্ত নৈশপ্রহরী শ্রীলঙ্কা-সমর্থক আল আমিন একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘গোল বলের খেলা তো, বিশ্বাস নাই।’‘গোল বলের খেলা’ কথাটা আমার কানে একেবারেই নতুন বলে ঠেকল। ক্রিকেট সম্পর্কে এ রকম কথা আমি আগে কখনো শুনিনি। তাই নতুন কথার ওপর চেপে বসার পুরোনো অভ্যাসেই আমি আল আমিনকে চেপে ধরলাম। বললাম, ‘গোল বলের খেলা’ কথাটা ব্যাখ্যা করো। রাগবির বল ছাড়া ফুটবল, হকি, বেইস বল, টেনিস বল, ভলি বল, বাস্কেট বল—ইত্যাকার খেলায় ব্যবহূত সব বলই তো গোলাকৃতির। তাহলে ক্রিকেট বল নিয়ে এই বিশেষ ভাবনাটার মানে কী? আমার প্রবল চাপের মুখে পড়ে তখন সে বলল, ফুটবল-ভলিবল তো আকারে অনেক বড় হয়, তাই এসব বলের গতিবিধি সহজেই চোখে পড়ে। কিন্তু একটা ফুটবলের সমান মাঠে ফুটবলের তুলনায় অনেক ছোট্ট আকৃতির গোল ক্রিকেট বলটির গতিবিধি আঁচ করা ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন একটা কাজ। কোন বলটা কখন যে কীভাবে বাঁক নিয়ে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে স্টাম্পের ভেতর ঢুকে যাবে, তা বলা মুশকিল। ক্যামেরার সাহায্য ছাড়া চর্মচোখে দর্শকেরাও ওই বলটি ভালো করে দেখতে পায় না। আম্পায়াররাও এবার বড় চাপের ভেতর রয়েছেন।ফুটবল, ভলিবল, হকি, টেনিস—এগুলো হচ্ছে সারা মাঠের খেলা। ক্রিকেট বলের আসল খেলাটা চলে মূলত ২২ গজের ভেতর। ফুল টস, গুগলি, দোসরা, ইন সুইং, আউট সুইং—এগুলো তো ছিলই, আজকাল আবার রিভার্স সুইং চালু হয়েছে। ভাষা ভিন্ন হলেও আল আমিনের ভাষ্যটা ছিল ঠিক এই-ই।ক্রিকেটের বোলিং বৈচিত্র্য নিয়ে প্রায় নিরক্ষর আল আমিনের অবিশ্বাস্য অমৃত ভাষ্য শুনে আমি খুবই অবাক হলাম। বললাম, ক্রিকেট খেলার এসব গূঢ় রহস্যকথা তুই জানলি কীভাবে? আল আমিন বলল, ‘আগে জানতাম না। কিন্তু এবার বাংলাদেশে বিশ্বকাপের খেলা হওয়ায় অনেকে মিলে আমরা এবার টিভিতে ক্রিকেট খেলাটা ভালো করে দেখেছি। এই খেলাটা বুঝনের চেষ্টা করেছি।’স্বপ্নের বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশের ছিটকে পড়ার দুঃখটা ওর বুকে কী ধরনের ক্ষত সৃষ্টি করেছে, তা জানার জন্যই বললাম, তুই শ্রীলঙ্কার পক্ষ নিচ্ছিস কেন? নিউজিল্যান্ড কী দোষ করেছে?আল আমিন বলল, ‘আমাদের কাছে হোয়াইট ওয়াশ হওয়া একটা দল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে চইল্যা যাইব, এইডা আমি সহ্য করতে পারুম না। সমাইন্যা ভাই রাজা অয়, এই না দুঃখ সইল্যে সয়।’আল আমিনের কথা শুনে আশা জাগল মনে। মনে হলো, সুনীল মনোহর গাভাস্কার যাকে ‘কিলার ইনস্টিংক্ট’ বলেন, বাংলাদেশের ক্রিকেটভক্তদের মধ্যে জাগ্রত সেই হননেচ্ছাটা আমাদের ক্রিকেটারদের রক্তের মধ্যেও অচিরেই জাগ্রত হবে। পরাজয়ের গ্লানির ভেতর থেকেই উত্থিত হবে আমাদের বিশ্বজয়ের অদম্য বাসনা।একই ভূলোকের সদস্য শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান যদি পারে, আমরা পারব না কেন? পারব। অবশ্যই পারব। গোল বল খেলার গভীর রহস্যটা যখন আল আমিনের মতো গ্রামের ছেলেটিও আঁচ করতে পেরেছে, তখন আমাদের ক্রিকেটাররাও পারবে। তবে আমাদের গ্রামের ছেলেদেরও যুক্ত করতে হবে সেই খেলার ভেতর। শুধু শহরের ছেলেরা পারবে না।রামসুন্দর পাঠাগার, কাশবন৩০ মার্চ ২০১১