গোল-রোনালদো
এক মৌসুমেই ৫৩ গোল, ৬টি হ্যাটট্রিক! রিয়ালের রোনালদোকে নিয়ে লিখেছেন আবিদুল ইসলামমেসি, মেসি, মেসি—ঘণ্টাধ্বনির মতো চারদিকে নিরন্তর বাজছিল নামটি। তিন বছর আগে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি উচ্চারিত যাঁর নাম, সেই ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চয়ই মেসি-মেসি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। লিওনেল মেসির ছায়ায় আড়াল হয়ে অবশ্যই ছটফট করেছেন। এই ক্লান্তি আর ছটফটানি থেকে এখন নিশ্চয়ই মুক্তি পেয়েছেন রোনালদো। মেসি নামের ঘণ্টাধ্বনিটা এখন যে কম বাজছে। ফুটবল-বিশ্বে এখন আবার রোনালদো নামের অনুরণন। গোল আর পিচিচি ট্রফি—রোনালদো নামের অনুরণনের কারণ এ দুটিই। রোনালদো এবার স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার ট্রফি পিচিচি জিতেছেন রেকর্ড গড়ে। স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। ছাড়িয়ে গেছেন তিনি টেলমো জারা আর হুগো সানচেজের যৌথ রেকর্ড (৩৮ গোল)।৪০ গোল! ৩৮-এর গেরো ছাড়িয়ে রোনালদো পিচিচির লড়াইটাকে নিয়ে গেছেন অন্য রকম এক উচ্চতায়। মৌসুমের শুরু এবং মাঝপথে অবশ্য পিচিচি ট্রফির লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিওনেল মেসিই ছিলেন এগিয়ে। একসময় মনে হচ্ছিল মেসিই মনে হয় ভাঙবেন স্প্যানিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এক মৌসুমে ৫০ গোল পেরোনোর মাইলফলকও আগে ছুঁয়েছেন আর্জেন্টিনার ছোট্ট জাদুকর মেসিই।চ্যাম্পিয়নস লিগ কিংবা স্প্যানিশ লিগ; রিয়াল মাদ্রিদের সব আশা যখন শেষ হয়ে গেছে, রোনালদো জেগে উঠেছেন তখনই। মেসির সঙ্গে ব্যক্তি লড়াইয়ে এগিয়ে গেছেন তিনি শেষ তিন-চার ম্যাচে। শুধু মেসিকেই নয়, ছুঁয়েছেন বা ছাড়িয়ে গেছেন তিনি আরও অনেককেই। রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার ফেরেঙ্ক পুসকাসের (৪৯ গোল) রেকর্ড ছাড়িয়ে গেছেন ৫৩ গোল করে। ৬টি হ্যাটট্রিক করে ভেঙেছেন স্প্যানিশ লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার রেকর্ড। ইউরোপের আর যেকোনো লিগের সঙ্গে তুলনা করলেও সবচেয়ে উজ্জ্বল রোনালদো। গোটা ইউরোপে নামীদামি লিগগুলোয় (বিশেষ করে স্প্যানিশ, পর্তুগিজ, ইংলিশ, ইতালিয়ান) ফুটবল-বিশ্ব সর্বশেষ ৪০ গোল দেখেছে ১৯৭১-৭২ মৌসুমে। ১৯৭১ এবং ১৯৭২—দুই বছরেই ৪০টি করে গোল করেছেন জার্মানির ‘ডার বোম্বার’ জার্ড মুলার। ইউরোপের বড় লিগগুলোর সঙ্গেও যদি রোনালদোকে নিক্তিতে তোলা হয়, অন্যদের চেয়ে আকাশ-পাতাল এগিয়ে থাকবেন রোনালদো। ইংলিশ লিগের কথাই ধরা যাক। বিশ্ব ফুটবলে রোনালদো-মেসির পরে যাঁর নাম এত দিন সবচেয়ে বেশি এসেছে, সেই ওয়েইন রুনি এই লিগেই খেলেন। তবে রুনি নন, ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এবার যৌথভাবে কার্লোস তেভেজ ও দিমিতার বারবেতভ। তবে গোলসংখ্যা রোনালদোর ঠিক অর্ধেক। রোনালদোর সঙ্গে তুলনা করলে এদিক দিয়ে বুন্দেসলিগা আর ইতালিয়ান লিগের অবস্থা একটু ভালো। বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা এবার মারিও গোমেজ। বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার গোমেজের অবস্থাও অনেকটা রোনালদোর মতোই। পার্থক্য শুধু রোনালদো আড়ালে ছিলেন মেসির ছায়ায়, আর গোমেজ হারিয়ে খুঁজছিলেন নিজেকে। এবার নিজেকে ফিরে পেয়েছেন। ২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বুন্দেসলিগার। করেছেন ৫টি হ্যাটট্রিক।সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা আন্তনিও ডি নাটালেও রোনালদোর ধারে-কাছে নেই। গত মৌসুমে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া উদিনেসে স্ট্রাইকার ডি নাটালে এবার করেছেন একটি গোল কম। অন্য লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাদের সঙ্গে গোলের এই ব্যবধান, স্প্যানিশ লিগে পিচিচি ট্রফির নামকরণ যাঁর নামানুসারে, সেই আরানজাদির মতো একের পর এক গোল করার কারণে রোনালদোকে অনায়াসেই বলে দেওয়া যায় গোল-রোনালদো। পিচিচি মানেই যে গোল।