গোলমেলে অবস্থা সৃষ্টি হতে পারে
ঢাকা মহানগরে দুটি আলাদা সিটি করপোরেশন প্রতিষ্ঠার যে উদ্যোগ সরকার নিয়েছে, তাতে গণদাবির কোনো প্রতিফলন ঘটেনি। অর্থাৎ জনগণ এমন কোনো দাবি কোনো দিন করেনি। তা না করলেও সরকার নিজে থেকে উদ্যোগ নিতে পারে। কিন্তু সে উদ্যোগ নগর শাসনকে, নগরবাসীকে দেওয়া সেবার মানকে উন্নত করবে কি না, তা স্পষ্ট নয়।দীর্ঘকাল ধরে ঢাকা সিটি করপোরেশনের সেবার নিম্নমান, কোনো ক্ষেত্রে সেবার অনুপস্থিতির কারণ একটি সিটি করপোরেশন নয়। অদক্ষতা, সুশাসনের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক সংকীর্ণতা এ ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে অনেক দিন ধরেই চিহ্নিত হয়ে আছে।কাজেই বিদ্যমান একটি বড় সিটি করপোরেশন ভেঙে দুটি ছোট সিটি করপোরেশন করলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, করপোরেশনের সেবার মান বাড়বে—সে সম্ভাবনা নেই। বরং দুটি আলাদা সিটি করপোরেশন করার ফলে অনেক গোলমেলে অবস্থা সৃষ্টি হতে পারে। কাজের সমন্বয়হীনতা আরও বাড়তে পারে।পৃথিবীর প্রতিটি বড় নগরের বৈশ্বিক পর্যায়ে একটা আত্মপরিচয়ের বিষয় থাকে। যেকোনো বড় নগরের এটা এক মৌলিক সম্পদ হিসেবে বিবেচিত হয়। ঢাকাকে বিভক্ত করলে, আলাদা দুটি ছোট সিটি করপোরেশন করলে সেই আত্মপরিচয়ের গৌরবের জায়গাটা আর থাকবে না।পৃথিবীর প্রতিটি বড় নগরে সুশাসন ও সেবার মান উন্নত করার নানা প্রয়াস গ্রহণ করা হয় নগরকে সংহত রেখে। কিন্তু ঢাকাকে নিয়ে তার উল্টোপথে হাঁটা হচ্ছে। এটা অত্যন্ত ক্ষুদ্র আমলাতান্ত্রিক ও সংকীর্ণ দলীয় স্বার্থে করা একটা নিচু মানের চালাকি।হোসেন জিল্লুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ