গোলযোগপূর্ণ আরাকানে সৈন্য পাঠিয়েছে মিয়ানমার
মিয়ানমারের গোলযোগপূর্ণ পশ্চিমাঞ্চলীয় আরাকান প্রদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাঠিয়েছে দেশটির সরকার। ওই অঞ্চলে বেশ কিছু দিন ধরে চলমান সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।এদিকে সীমান্তবর্তী ওই অঞ্চলে গোলযোগের পর সীমান্তে সতর্কাবস্থা জারি করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। সেখানে এরই মধ্যে সামরিক আইন কার্যকর এবং সান্ধ্য আইন জারি করেছে মিয়ানমার সরকার।গত শুক্রবার রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হামলায় বৌদ্ধধর্মাবলম্বী চার ব্যক্তি নিহত হয়েছেন বলে মিয়ানমারের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। গত সপ্তাহে ১০ জন মুসলমানকে পিটিয়ে হত্যার জেরে এ দাঙ্গা শুরু হয়েছে বলে বলা হচ্ছে।একজন বৌদ্ধধর্মাবলম্বী নারীকে ধর্ষণ এবং হত্যার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ বৌদ্ধধর্মাবলম্বীরা একটি বাস থেকে ১০ জন মুসলমান পুরুষকে নামিয়ে পিটিয়ে হত্যা করেন। ওই ঘটনার পর গত শুক্রবার দাঙ্গার ঘটনা ঘটল।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মুয়াংদাও শহরতলি এলাকায় ক্ষুব্ধ শত শত মুসলমান রোহিঙ্গা বিভিন্ন বাড়িঘরে হামলা চালান। এ সময় তাঁরা ঘরবাড়িতে পাথর ছোড়েন এবং আগুন লাগিয়ে দেন।প্রেসিডেন্ট থেইন সেইনের দপ্তরের কর্মকর্তা হমু জাও তাঁর ফেসবুক পেজে উল্লেখ করেন, দাঙ্গাকারীদের ছুরিকাঘাতে বৌদ্ধধর্মাবলম্বী চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন চিকিত্সক ও একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। তবে সেখানকার একটি হাসপাতালের চিকিত্সক জানান, দাঙ্গায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছে।সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার পর গতকাল শনিবার থেকে বৌদ্ধধর্মাবলম্বী লোকজন গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছে।একজন রোহিঙ্গা রাজনৈতিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, শুক্রবার নিরাপত্তা বাহিনী তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার পরই দাঙ্গা ছড়িয়ে পড়ে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ তথ্য যাচাই করা যায়নি।মিয়ানমারের আরাকান প্রদেশে প্রচুরসংখ্যক মুসলমান বাস করে। রোহিঙ্গা বলে পরিচিত এই মুসলমানদের মিয়ানমার তাদের নাগরিক বলে স্বীকার করে না। মিয়ানমারে তাদের চলাফেরা এবং কাজ করার অধিকারের ওপর নানা ধরনের বিধিনিষেধ রয়েছে।এর আগেও মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে সংখ্যাগুরু বৌদ্ধধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক সংঘাত হয়েছে।নব্বইয়ের দশকের শুরুতে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের সরকারি বাহিনীর হামলার মুখে বাংলাদেশে পালিয়ে আসে। এদের মধ্যে অনেক রোহিঙ্গা মুসলমান এখনো বাংলাদেশে রয়ে গেছেন।