গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১৭ এপ্রিল
গোলাম আজমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না- সে বিষয়ে আগামী ১৭ এপ্রিল আদেশ দেবেন ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার দুই পক্ষের অভিযোগের বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে এই দিন ধার্য করেন।এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া ৪৬ জন সাক্ষীর জবানবন্দির মধ্যে ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এক আদেশে বলেন, এ মামলায় এখন পর্যন্ত ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়েছে। বাকি ৪৬ জনের বিষয়ে রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এর ১৯-এর ২ ধারায় আবেদন করে জানিয়েছে, এঁদের ট্রাইব্যুনালে হাজিরা করা দুরূহ, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এ জন্য তাঁদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক। এই বক্তব্যের পক্ষে রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তার দুটি প্রতিবেদন দাখিল করেছে। অপরদিকে, আসামিপক্ষ এ আবেদনের বিরোধিতা করে বলেছে, সাক্ষীদের জেরা করার সুযোগ না পেলে আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। ট্রাইব্যুনাল আদেশে আরও বলেন, রাষ্ট্রপক্ষ এই ৪৬ জনের মধ্যে ১৫ জনকে বিভিন্ন কারণে ট্রাইব্যুনালে আনা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তাঁদের জবানবন্দি জেরা না করা সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৮ এপ্রিল থেকে আসামিপক্ষ তদন্তকারী কর্মকর্তাকে জেরা করবেন।