যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ
গোলাম আযম ও তাঁর নিয়ন্ত্রিত বাহিনী বাঙালি নিধনে সাহায্য করে
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ গতকাল মঙ্গলবার বলেছে, মুক্তিযুদ্ধকালে গোলাম আযম ও তাঁর নিয়ন্ত্রণাধীন সহযোগী বাহিনীগুলো বাঙালি নিধনযজ্ঞে পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সপ্তম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। ট্রাইব্যুনাল গতকাল গোলাম আযমের জামিনের আবেদনসহ দুটি আবেদন খারিজ ও একটি আবেদন মঞ্জুর করেন।সুলতান মাহ্মুদ গতকাল যুক্তিতে বলেন, একাত্তরের ২৮ নভেম্বর রাওয়ালপিন্ডিতে ইউনাইটেড কোয়ালিশন পার্টির (ইউসিপি) সভায় গোলাম আযম বলেন, তিনি ও তাঁর নিয়ন্ত্রণাধীন সংগঠনগুলো পাকিস্তান সরকারকে ‘বিচ্ছিন্নতাবাদী’ ও ‘রাষ্ট্রবিরোধী’ ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহায্য করেছেন। এ সাহায্য করাকে তিনি দায়িত্ব মনে করেছেন। ‘বিচ্ছিন্নতাবাদী’ ও ‘রাষ্ট্রবিরোধী’ বলতে তিনি মুক্তিযোদ্ধা ও দেশের মুক্তিকামী জনসাধারণকে বুঝিয়েছেন। ওই বক্তব্যে গোলাম আযম আরও বলেন, দেশের (পাকিস্তান) অখণ্ডতা রক্ষায় নূরুল আমীনের নেতৃত্বে ইউসিপি অঙ্গীকারবদ্ধ ছিল। ইউসিপি ও রাজাকাররা দেশ রক্ষার জন্য জীবন বিলিয়ে দিয়েছে। তাঁর এ বক্তব্য প্রমাণ করে পাকিস্তানি সেনা ও সহযোগী বাহিনীগুলো মুক্তিযুদ্ধকালে যে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা প্রভৃতি করেছে, তার সঙ্গে গোলাম আযম সম্পৃক্ত ছিলেন। তিনি পরিকল্পিতভাবে রাজাকার, শান্তি কমিটি, আলবদর, আলশামস, আল মুজাহিদ প্রভৃতি সহযোগী বাহিনী গঠন করে বাঙালি নিধনে পাকিস্তানি সেনাদের সাহায্য করেছেন। এ অপরাধের দায় তিনি এড়াতে পারেন না।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, একাত্তরের ২৬ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গোলাম আযম রাজাকারদের ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের আধুনিক অস্ত্রে সজ্জিত করার দাবিজানান। তিনি বলেন, এর ফলে রাজাকাররা সহজে ‘দুষ্কৃতকারীদের’ দমন করতে পারবে।কৌঁসুলি বলেন, ‘দুষ্কৃতকারী’ বলতে গোলাম আযম বরাবরই মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী দেশবাসীকে বুঝিয়েছেন। যেহেতু জামায়াত সদস্যদের নিয়ে রাজাকার বাহিনী গঠিত হয়েছিল, আর ওই বাহিনী পাকিস্তানি সেনাদের সঙ্গে এক হয়ে সারা দেশে অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, তাই এসব কর্মকাণ্ডের দায় তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযমকেই নিতে হবে।সুলতান মাহ্মুদ গতকাল গোলাম আযমের বিরুদ্ধে আনীত চতুর্থ অভিযোগের বিষয়ে যুক্তি শেষ করেন। আজ বুধবার তিনি সর্বশেষ ও পঞ্চম অভিযোগের (হত্যা ও নির্যাতন) ওপর যুক্তি দেবেন।দুই আবেদন খারিজ, একটি মঞ্জুর: ট্রাইব্যুনাল গতকাল গোলাম আযমের জামিনের আবেদন ও তাঁর পক্ষে দুই বিদেশি সাক্ষীর লিখিত বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন খারিজ করেন। তবে মামলার আদেশের অনুলিপি দেখতে চেয়ে আসামিপক্ষের আবেদনটি মঞ্জুর করা হয়। ২০ ফেব্রুয়ারি এ তিনটি আবেদনের ওপর শুনানি হয়।জামিন আবেদনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, মামলার বর্তমান পর্যায়ে জামিন দেওয়ার কোনো কারণ নেই। তবে তাঁকে যেন সুচিকিৎসা দেওয়া হয়, সে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল নির্দেশ দেন।আসামিপক্ষের দুই বিদেশি সাক্ষী উইলিয়াম শাবাজ ও জ্যাক ডেভারেলের বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদনও ট্রাইব্যুনাল খারিজ করেন। এ আবেদনের শুনানিতে আসামিপক্ষ বলেছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশি এ দুই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হোক, অথবা তাঁদের লিখিত বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক।সংশোধনী: গতকাল প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘গোলাম আযম মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ছাপা হয়েছে, একাত্তরের ৪ মার্চ অবরুদ্ধ বাংলাদেশের সামরিক আইন প্রশাসক টিক্কা খানের সঙ্গে গোলাম আযমসহ ১২ সদস্যের একটি দল দেখা করে। প্রকৃতপক্ষে তারিখটি হলো একাত্তরের ৪ এপ্রিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।