মানবতাবিরোধী অপরাধের বিচার ১২ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ মিলেছে। সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আজ
গোলাম আযম ও সাকার বিরুদ্ধেও তদন্ত চলছে
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ আরও সাতজনের বিরুদ্ধে তদন্ত চলছে। এই সাতজন এবং আগে গ্রেপ্তার হওয়া জামায়াতের পাঁচ শীর্ষস্থানীয় নেতাসহ ১২ জনের বিরুদ্ধে এ পর্যন্ত তথ্যপ্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী জেয়াদ-আল মালুম গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।গোলাম আযম ও সাকা চৌধুরী ছাড়া অন্যরা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুস সুবহান ও মীর কাসেম আলী; বিএনপির সাবেক সাংসদ জয়পুরহাটের আবদুল আলীম, মাওলানা আবদুল হান্নান এবং একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপক মাওলানা আবুল কালাম আজাদ।সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, এই ১২ জন ছাড়াও জামায়াতের আরেক নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে তদন্ত চলছে।এদিকে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীকে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা একটি আবেদন ও সাঈদীর নিজের করা দুটি আবেদনের ওপর আজ শুনানি হবে। তাঁকে সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। এ ছাড়া নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার করা পৃথক ছয়টি আবেদনের ওপর আজ শুনানির কথা রয়েছে।তদন্ত সংস্থার সদস্য মো. আবদুর রাজ্জাক গতকাল প্রথম আলোকে বলেন, গোলাম আযম, সাকা চৌধুরী, এ কে এম ইউসুফসহ আটজনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণের মতো তথ্যপ্রমাণ সংগ্রহের পর প্রসিকিউশন শাখার মাধ্যমে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় নির্দেশ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে।সংবাদ বিফ্রিং: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী জেয়াদ-আল মালুম গতকাল সংবাদ ব্রিফিংয়ে বলেন, ১২ জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ভালো। তদন্ত সংস্থার সঙ্গে শেরপুর ও ময়মনসিংহ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একাত্তরে কামারুজ্জামান জামালপুর কলেজে ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কামারুজ্জামান ও আশরাফের নেতৃত্বে আলবদর, রাজাকার ও আলশামস বাহিনী নয় মাসব্যাপী ওই এলাকায় হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধ ঘটায়। তারা শেরপুরে একটি বাড়ি দখল করে ক্যাম্প বানায়। সেখানে মেয়েদের ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে এনে দেওয়াই ছিল কামারুজ্জামানের কাজ। তিনি বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা, ব্রহ্মপুত্র নদের পাড়সহ বিভিন্ন স্থানে অসংখ্য গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেক্টর কমান্ডারস ফোরাম ও নাগরিক সমাজ তা চিহ্নিত করেছে।আইনজীবী মালুম বলেন, দেশের জনগণ যুদ্ধাপরাধের বিচার চায়। কারণ মুক্তিযুদ্ধ চলাকালে দেশের জনগণ পাকিস্তানি বাহিনী ও যুদ্ধাপরাধীদের হাতে নির্যাতনের শিকার হয়েছে। তাই বিচারের জন্য এই ব্যাপক জনগোষ্ঠীর সাহায্য-সহযোগিতা দরকার।তদন্ত কার্যক্রম: সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তদন্ত সংস্থার একটি প্রতিনিধিদল সাঈদীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে এখন পিরোজপুরে রয়েছে। ২৩ সেপ্টেম্বর আইনজীবী ও তদন্ত সংস্থার সদস্যদের এসব বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর মানবতাবিরোধী অপরাধের আরও তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য ঢাকার বাইরে প্রতিনিধিদল যাবে বলে জানা গেছে।তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য এর আগে আইনজীবী ও তদন্ত সংস্থার সদস্যরা ঢাকার বাইরে প্রথম খুলনার চুকনগরে যান। পর্যায়ক্রমে পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও ময়মনসিংহ সফর করেন। সর্বশেষ গত রোববার দ্বিতীয়বারের মতো পিরোজপুরে যায় প্রতিনিধিদল। এ ছাড়া ওয়েবসাইট থেকেও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্টরা জানান, পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে, ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের বিরুদ্ধে, শেরপুর ও ময়মনসিংহে কামারুজ্জামানের বিরুদ্ধে এবং খুলনায় মাওলানা এ কে এম ইউসুফের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। এজলাসের সংস্কার সম্পন্ন: গত ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। নিয়োগ দেওয়া হয় আইনজীবী (প্রসিকিউটর)। পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ট্রাইব্যুনালের। তবে স্থান সংকুলান না হওয়ায় তদন্ত সংস্থার কার্যালয় গত ৪ জুলাই বেইলি রোডে স্থানান্তর করা হয়। সেখানে আইনজীবীদের কার্যালয়ও রয়েছে।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম বলেন, এজলাসের সংস্কারকাজ শেষ হয়েছে। এজলাসের ছাদ, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও আলোর ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামো ও জনবল পর্যাপ্ত রয়েছে। তিনি বলেন, সম্প্রতি ই-মেইলে হুমকির পর ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়। পরিচয় ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।