মানবতাবিরোধী অপরাধের বিচার: যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ
গোলাম আযম ছিলেন সব নৃশংসতার পথনির্দেশক
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ গতকাল সোমবার যুক্তি দেখিয়ে বলেছে, গোলাম আযম ছিলেন মুক্তিযুদ্ধকালে সংঘটিত সব নৃশংসতার পথনির্দেশক (লাইট হাউস)। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি যুক্তি দিয়ে দেখান বিশ্বে কীভাবে বিভিন্ন সময়ে অপরাধের দায়ভার হিসেবে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় (সুপিরিয়র রেসপনসিবিলিটি) বিচারিক আওতায় এসেছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ গোলাম আযমের বিরুদ্ধে ‘ঊর্ধ্বতন নেতৃত্বের দায়’ নিয়ে যুক্তি উপস্থাপন করেন। শারীরিক কারণে এদিন গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। গতকাল গোলাম আযমের বিরুদ্ধে ‘ঊর্ধ্বতন নেতৃত্বের দায়’-এর বিষয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের এক ঘণ্টা করে যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল।রাষ্ট্রপক্ষের নির্ধারিত কৌঁসুলি তুরিন আফরোজ ট্রাইব্যুনালে উপস্থিত থাকলেও আসামিপক্ষের নির্ধারিত আইনজীবী ইমরান এ সিদ্দিক উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের একজন সহযোগী আইনজীবী যুক্তি উপস্থাপন মুলতবির আরজি জানান। তখন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে তুরিন আফরোজ যুক্তি উপস্থাপন করেন। তিনি যুক্তি দিয়ে দেখান অতীতে কীভাবে অপরাধের বিচারে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় (সুপিরিয়র রেসপনসিবিলিটি) বিচারিক আওতায় এসেছে। তুরিন বলেন, ঊর্ধ্বতন নেতা হন দুই ধরনের; সামরিক ও বেসামরিক। সাড়ে পাঁচ শ বছর আগে ১৪৭৪ সালে ইউরোপে পিটার ভন হ্যাগেনবাখের বিচারে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়। বর্তমান জার্মানির ব্রাইজাখ শহর দখলের সময় সংঘটিত নৃশংসতার জন্য বিচার হয় তাঁর। অপরাধ প্রমাণিত হওয়ায় হ্যাগেনবাখের শিরশ্ছেদ হয়েছিল। আধুনিককালে এ বিষয়টি বিচারিক আওতায় আসে লাইপজিগ ট্রায়াল (প্রথম বিশ্বযুদ্ধের জার্মান যুদ্ধাপরাধীদের বিচার) ও ম্যানিলা ট্রায়ালে (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়ামিশিতার বিচার)। এগুলোর প্রতিটিতেই সামরিক বাহিনীর নেতাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছিল। প্রথম বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে এই দায় আনা হয় টোকিও ট্রায়ালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনুষ্ঠিত এ বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হয় জাপানের প্রধানমন্ত্রী ও দুজন পররাষ্ট্রমন্ত্রীকে। পরবর্তী সময়ে ন্যুরেমবার্গ ট্রায়ালে তিনজন শিল্পপতির বিচার হয়েছিল ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে। এর পাশাপাশি ‘ডক্টরস ট্রায়াল’ (জার্মান চিকিৎসকদের বিচার) ও ‘জাজেস ট্রায়াল’-এ (জার্মান বিচারক ও আইনজীবীদের বিচার) ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছিল।রুয়ান্ডা ট্রাইব্যুনালের (আইসিটিআর) উদাহরণ দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, রুয়ান্ডায় শুধু সামরিক কর্মকর্তারা নন, সমাজের সব ধরনের মানুষ গণহত্যায় অংশ নিয়েছিল। গণহত্যার অভিযোগে তাবা শহরের মেয়র জ্যঁ পল আকায়েসুর বিচার করা হয়। এই মামলায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ গণহত্যার অভিযোগে রুয়ান্ডার ঐতিহাসিক ফার্দিনান্দ নাহিমানার বিচার। নাহিমানার বিরুদ্ধে অভিযোগ ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি গণহত্যার পক্ষে প্রচারণা বন্ধ করতে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তুরিন আফরোজ উল্লেখ করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৪(২) ধারায় বলা আছে, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অপরাধ সংঘটন প্রতিরোধ করতে ব্যর্থ হলে তিনিও সেই অপরাধে দোষী হবেন।এ সময় ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, ট্রাইব্যুনালস আইনের ৪(২) ধারা পড়ে তা শুধু সেনা কর্মকর্তাদের জন্য করা হয়েছে বলে মনে হয় কি না। জবাবে তুরিন আফরোজ বলেন, না। আইনে বলা আছে, ‘কমান্ডার’ অথবা ‘সুপিরিয়র অফিসার’। ‘কমান্ডার’ শব্দটি শুধু সামরিক বা আধাসামরিক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ‘সুপিরিয়র অফিসার’ মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সামরিক বাহিনীতে থাকতে পারেন, বেসামরিক কর্মকর্তাও হতে পারেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেন, এই মামলার অভিযোগ দুই ভাগে প্রমাণ করতে হবে। প্রথমে প্রমাণ করতে হবে অপরাধের ঘটনা ঘটেছিল কি না এবং সেখানে অপরাধী কারা ছিল, দ্বিতীয়টিতে প্রমাণ করতে হবে অপরাধীদের সঙ্গে আসামির ঊর্ধ্বতন-অধস্তন সম্পর্ক ছিল কি না এবং এই সম্পর্ক থাকার পরও তিনি অপরাধ সংঘটন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন কি না। তুরিন আফরোজ বলেন, রাষ্ট্রপক্ষ ইতিমধ্যেই সাক্ষীদের মৌখিক সাক্ষ্য ও নথিপত্রের মাধ্যমে প্রমাণ করেছে, মুক্তিযুদ্ধকালে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের মতো নৃশংসতা ঘটেছিল। পাকিস্তানি সেনা ও জামায়াতে ইসলামীর সদস্যরা এসব অপরাধ ঘটায়। একাত্তরের এপ্রিলের প্রথম সপ্তাহে জামায়াত একটি সংগঠিত সশস্ত্র গোষ্ঠীতে রূপান্তরিত হয় এবং একটি আধাসামরিক বাহিনীতে পরিণত হয়। ওই সময়ের জামায়াত, আলবদর, আলশামস, রাজাকার প্রভৃতি বাহিনীকে আর বেসামরিক বাহিনী বা দল বলা যাবে না। গোলাম আযম পূর্ব পাকিস্তান জামায়াতের আমির ও নেতা হিসেবে এসব বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন, নির্দেশনা দিয়েছেন, অস্ত্র জোগান দিতে বলেছেন এবং আর্থিক নিয়ন্ত্রণ করেছেন। রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতি ছিল তাঁর অধস্তন বাহিনী। তিনি এসব বাহিনীর নীতিনির্ধারণ করতেন, কার্যক্রম পরিচালনা করতেন। যেমন ক্যাম্পে যেতেন, আর্থিক নিয়ন্ত্রণ করতেন। রাজাকারদের অর্থ সংগ্রহের জন্য তাঁর স্বাক্ষরিত এক টাকার টোকেন নোট ছাড়া হয়। তিনি তথ্য ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেন। জামায়াত থেকে বিভিন্ন বাহিনীতে নিয়োগের ক্ষমতা ছিল সম্পূর্ণভাবে তাঁর হাতে। স্বাভাবিকভাবেই বেসামরিক নেতা হিসেবে গোলাম আযমের নির্দেশনা সামরিক বাহিনীর মতো হবে না। কিন্তু পাকিস্তানি দখলদার বাহিনী ও জামায়াতের সদস্যদের নিয়ে গঠিত আধাসামরিক কাঠামোতে তিনি ছিলেন লাইট হাউসের (বাতিঘরের) মতো। লাইট হাউস যেমন রাতের সমুদ্রে জাহাজকে পথ দেখায়, গোলাম আযম তেমনি সামরিক-আধাসামরিক বাহিনীকে সব অপরাধ সংঘটনে পথ দেখিয়েছেন।তুরিন আফরোজের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল আসামিপক্ষের মুলতবির আবেদনের বিষয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, পাঁচ হাজার টাকা খরচ পরিশোধের বিনিময়ে মুলতবির আবেদন মঞ্জুর করা হলো। ২০ মার্চ আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। ওই দিন এ টাকা জমা না দেওয়া হলে যুক্তি উপস্থাপন বন্ধ করে দেওয়া হবে।এর আগেও গোলাম আযমের আইনজীবীদের অনুপস্থিতির জন্য এক হাজার টাকা খরচের বিনিময়ে মুলতবি আবেদন মঞ্জুর করা হয়েছিল।