গোলাম আযম বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র করেন: রাষ্ট্রপক্ষ
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে। একাত্তরের বিভিন্ন পত্রিকার প্রতিবেদন ও নথিপত্রের উল্লেখ করে রাষ্ট্রপক্ষ বলেছে, গোলাম আযম বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র করেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।সুলতান মাহ্মুদ আসামির ঊর্ধ্বতন অবস্থান ব্যাখ্যা করে বেশ কিছু যুক্তি দেন। তিনি বলেন, একাত্তরের ৪ এপ্রিল সামরিক আইন প্রশাসক টিক্কা খানের সঙ্গে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযমসহ পাকিস্তানপন্থী কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। বৈঠকটি হঠাৎ হয়নি, টিক্কা খানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। ২৫ মার্চ রাত থেকে দেশের বেসামরিক মানুষ, শিক্ষক ও ছাত্রদের হত্যার মধ্য দিয়ে ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানিদের যে সামরিক অভিযান শুরু হয়, তার কয়েক দিনের মধ্যে একজন ব্যক্তি কীভাবে পাকিস্তানি জেনারেলের সঙ্গে বৈঠক করেন? তিনি বলেন, গোলাম আযম তাঁর বইয়ে লিখেছেন, ২৬ মার্চ সকালে তিনি চালকসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। আগের রাতের ভয়াবহ হত্যাযজ্ঞে যেখানে শহরের মানুষ ছিল ভীতসন্ত্রস্ত, সেখানে গোলাম আযমের শহরে ঘুরে বেড়ানোর ঘটনা তাঁর অবস্থানকে স্পষ্ট করে।প্রসঙ্গত, গোলাম আযম তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনে যা দেখলাম-এর তৃতীয় খণ্ডে এ বিষয়টি উল্লেখ করেছেন। ২৫ মার্চ কাল রাতের গণহত্যার পর ২৬ মার্চ ঢাকায় কারফিউ জারি করা হয়েছিল।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ৪ ও ৬ এপ্রিল টিক্কা খানের সঙ্গে বৈঠকের সূত্র ধরে শান্তি কমিটি আত্মপ্রকাশ করে। ১৪ এপ্রিল শান্তি কমিটির কার্যকরী কমিটির বৈঠকেও গোলাম আযম উপস্থিত ছিলেন। শান্তি কমিটির অন্যতম সংগঠক ও নেতা গোলাম আযম পরবর্তী সময়ে রাজাকারদের সমস্যা সমাধানে পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ের (প্রেসিডেন্ট ইয়াহিয়া খান) সহায়তা চেয়েছেন। রাজাকাররা যেসব নৃশংস ঘটনা ঘটিয়েছে, তা জেনেও তিনি তাদের নিবৃত্ত করেননি, বরং পাকিস্তানি সেনাদের সর্বোচ্চ সহায়তা করতে বলেছেন। এসব অপরাধের দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনীগুলোর সঙ্গে তাঁর ঊর্ধ্বতন-অধস্তন সম্পর্ক ছিল।মানবতাবিরোধী অপরাধ সংঘটনে গোলাম আযমের ষড়যন্ত্রের অভিযোগ ব্যাখ্যা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ৪ ও ৬ এপ্রিল টিক্কা খান, ১৯ জুন ইয়াহিয়া খান এবং ২০ জুন পাকিস্তান জামায়াতের আমির সৈয়দ আবুল আলা মওদুদীর সঙ্গে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গোলাম আযম ১ ডিসেম্বর আবার ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক ছিল এক ঘণ্টার বেশি স্থায়ী। এরপর সংবাদ সম্মেলনে গোলাম আযম রাজাকারদের অস্ত্র সরবরাহের আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধাদের ‘দুষ্কৃতকারী’ উল্লেখ করেন।সুলতান মাহ্মুদ আরও বলেন, বিজয়ের আগমুহূর্তে সহযোগী বাহিনীগুলোর প্রভাব কমতে শুরু করায় এবং নিশ্চিত পরাজয় বুঝতে পেরে গোলাম আযম ‘চূড়ান্ত সমাধান’ হিসেবে বিস্তৃত পরিসরে বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র করেন। বিজয়ের মাত্র দুই দিন আগে জামায়াত, শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতির সদস্যরা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করেন।বিকেলে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।