গোলাম আযম মুক্তিযুদ্ধবিরোধীদের প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এই জবানবন্দি দেন। তিনি রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী।প্রায় দুই ঘণ্টার জবানবন্দিতে সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু যেমন মুক্তিযুদ্ধের প্রতীক ছিলেন, তেমনি গোলাম আযম ছিলেন মুক্তিযুদ্ধবিরোধী পক্ষগুলোর প্রতীক। আল বদর, আল শামস ও রাজাকার বাহিনীগুলোর প্রতিষ্ঠাকাল থেকে তিনি এসব বাহিনীর নেতা ছিলেন।সুলতানা কামাল বলেন, ১৯৭১ সালের মে মাসে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠন করা হয়। এরপর কিছু ‘কিলার ফোর্স’ তৈরির উদ্যোগ নেওয়া হয়। আল বদর, আল শামস ছিল এ ধরনের বাহিনী। জামায়াতের ছাত্র ও তরুণ কর্মীদের নিয়ে এই বাহিনীগুলো তৈরি করা হতো। সব ক্ষেত্রে দলগুলোর সর্বোচ্চ নেতা হিসেবে গোলাম আযমের নাম উল্লেখ করা হয়েছে। এমনকি জেনারেল টিক্কা খানের মতো তত্কালীন পাকিস্তানের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাও গোলাম আযমের নাম ধরে প্রশংসা করেছেন বলে জানান তিনি।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম আযম প্রায়ই টিক্কা খান ও পাকিস্তানের অন্যান্য নেতার সঙ্গে মিলিত হতেন এবং পাকিস্তানের অখণ্ডতা কীভাবে রক্ষা করা যায়, সেই পরিকল্পনা করতেন। বেলা একটার দিকে সুলতানা কামালের জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। আগামীকাল তিনি জবানবন্দির বাকি অংশ উপস্থাপন করবেন।