গোলাম আযম মুক্তিযুদ্ধে বিরোধী পক্ষের প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে মুক্তিযুদ্ধে বিরোধী পক্ষের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দিতে তিনি এ কথা বলেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সুলতানা কামাল বলেন, ‘আলবদর, আলশামস, রাজাকার—এসব বাহিনীর প্রতিষ্ঠাকাল থেকে নেতা হিসেবে গোলাম আযম আমাদের শত্রুপক্ষের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রতীক যেমন ছিলেন বঙ্গবন্ধু, তেমনি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের প্রতীক ছিলেন গোলাম আযম।’ আসামির কাঠগড়ায় এ সময় গোলাম আযম উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম প্রায় দুই ঘণ্টা সুলতানা কামালের (৬৩) জবানবন্দি নেন। জবানবন্দিতে তিনি বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তাঁর তালিকাভুক্তির (এনরোলমেন্ট) নম্বর ১৮৩৮। মুক্তিযুদ্ধকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার্থী ছিলেন। তিনি ১৯৭৮ সালে ধানমন্ডি ল কলেজ থেকে এলএলবি পাস করেন এবং ১৯৮৪ সালে বার কাউন্সিলের সদস্য হন। তিনি বলেন, তাঁর মা কবি সুফিয়া কামাল ১৯৭০ সালে মহিলা সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন। এটি মূলধারার রাজনীতির সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছিল। একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলন শুরু হলে তাঁরা এতে সাংগঠনিকভাবে অংশ নেন। সে সময় যেসব সভা-সমিতি-সমাবেশ হয়, সেগুলোতে তিনি (সাক্ষী) সক্রিয়ভাবে অংশ নেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, তাঁর মা-বাবার বাড়ি ছিল ধানমন্ডি ৩২ নম্বরে, বঙ্গবন্ধুর বাড়ি থেকে চার-পাঁচটি বাড়ির ব্যবধানে। একাত্তরের ২৫ মার্চ রাতে তিনি মেশিনগানের গুলি ও কামানের গোলার শব্দ শোনেন, পিলখানা থেকেও পাল্টাপাল্টি গুলির শব্দ শোনেন। জানতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, ইত্তেফাক ও সংবাদ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আস্তে আস্তে জানতে পারেন, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, যশোর, রাজশাহী—সব জায়গায় একই ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে। তিনি বলেন, ২৫ মার্চ সন্ধ্যায় দেখতে পান, বঙ্গবন্ধুর বাড়ির সামনে লেকের পাড়ে এবং পাশে ধানমন্ডি গার্লস হাইস্কুলের ছাদে পাকিস্তানি সেনারা মেশিনগান বসিয়েছে। ২৭ মার্চ সকালে বাড়ি থেকে বের হলে দেখেন, কয়েকজন পাকিস্তানি সেনা বঙ্গবন্ধুর বাড়ি থেকে মালামাল ট্রাকে তুলছে। পরে বিবিসি ও অন্যান্য বেতারে শোনেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে ‘অপারেশন সার্চলাইট’ নামে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, যা গণহত্যার শামিল। লাখ লাখ লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।সুলতানা কামাল আরও বলেন, ‘একাত্তরের এপ্রিলে জানতে পারলাম, কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা নিতে শুরু করেছে। পত্রিকায় এসব খবর ফলাও করে ছাপা হতো। ঘুরেফিরে জামায়াত, পিডিপি (পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি), মুসলিম লীগ—এসব দলের নাম আসত। একটি নাম খুব বেশি চোখে পড়ত, সেটি হলো গোলাম আযম। তিনি টিক্কা খান ও অন্য নেতাদের সঙ্গে প্রায়ই মিলিত হতেন এবং কীভাবে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনা করতেন ও বক্তৃতা দিতেন।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, এসব রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে এটি স্পষ্ট হয়, পাকিস্তানের বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা। ইসলামকে বাঁচাতে গেলে পাকিস্তানকে রক্ষা করতে হবে এবং তাঁদের ভাষায় ‘দুষ্কৃতকারী’ তথা মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে হবে। এর ধারাবাহিকতায় তাঁরা প্রথমে শান্তি কমিটি নামে সাংগঠনিক তৎপরতা চালায়, মানুষকে ভয়ভীতি দেখিয়ে বা ধর্মীয় অনুভূতিতে চাপ দিয়ে এতে যোগ দিতে বাধ্য করে। পরে মে মাসে খুলনায় জামায়াতের নেতৃত্বে রাজাকার বাহিনী গঠিত হয়। তাঁরা আলবদর, আলশামস নামে কয়েকটি গোপন ‘কিলার ফোর্স’ তৈরির উদ্যোগ নেয়। জামায়াতের ছাত্র ও তরুণ কর্মীদের দিয়ে এ বাহিনী গঠন করা হয়। সবক্ষেত্রে এদের সর্বোচ্চ নেতা হিসেবে গোলাম আযমের নাম উল্লিখিত হয়েছে। প্রায়ই টিক্কা খানসহ পাকিস্তানি সেনাদের উচ্চপর্যায় থেকে গোলাম আযমের নাম ধরে প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, তিনি (গোলাম আযম) পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে অনেক কাজ করছেন। সে সময় গোলাম আযম পাকিস্তান সফর করেন এবং সেখানে গিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলেন। তিনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে যেকোনো কিছু করতে প্রস্তুত বলে জানান।জবানবন্দিতে সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধকালে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ও তাঁর বোন সাঈদা কামাল ভারতে যেতে বাধ্য হন। তাঁদের সামনের বাড়িতে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ খান থাকতেন। হামিদুল্লাহ খান খবর পাচ্ছিলেন, বিমানবাহিনীর যেসব বাঙালি কর্মকর্তাকে সদর দপ্তরে ডাকা হচ্ছে, তাঁরা আর ফিরছেন না। একসময় সদর দপ্তরে ডাক পেয়ে হামিদুল্লাহ পরামর্শের জন্য তাঁর মায়ের (সুফিয়া কামাল) কাছে যান। তাঁরা হামিদুল্লাহ খানকে সপরিবারে অন্যত্র যেতে সাহায্য করেন। পরদিন ওই বাড়ির কাজের ছেলেকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ছেলে তাঁদের পরিবারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যোগাযোগ প্রকাশ করে দিতে পারে—এই আশঙ্কায় তাঁরা দুই বোন (তিনি ও সাঈদা কামাল) ১৬ জুন সীমান্ত পার হয়ে ভারতের আগরতলার সোনামুড়ায় চলে যান।সুলতানা কামাল বলেন, সোনামুড়ায় তাঁরা ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফের সঙ্গে দেখা করেন। তাঁর অনুমতিতে তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে নিবন্ধিত হন। পরে আগরতলা থেকে ৬০ মাইল ভেতরে ইসলামগঞ্জে স্থাপিত বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কাজ শুরু করেন। ওই হাসপাতালে তাঁদের সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডা. মবিন, ডা. কামরুজ্জামান প্রমুখ। অক্টোবরে তাঁদের সঙ্গে যোগ দেন ক্যাপ্টেন সিতারা, পরে তিনি বীর প্রতীক উপাধি পেয়েছিলেন। পরে আরও অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে ওই হাসপাতালে যোগ দেন।জবানবন্দির এ পর্যায়ে সুলতানা কামাল বলেন, হাসপাতালে কর্মরত অবস্থায় তাঁরা আকাশবাণী, বিবিসি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিকদের কাছ থেকে মুক্তিযুদ্ধের খবর পেতেন। এ ছাড়া ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আলবদর, আলশামস, রাজাকার বাহিনীর খবর পেতেন। তাঁরা জানতে পারেন, এসব বাহিনীর সদস্যরা বিভিন্ন বয়সের নারীদের ধরে পাকিস্তানি সেনাদের কাছে দিত। ক্যাম্পে ও বাংকারে এসব নারী ধর্ষণ, যৌন নির্যাতনের শিকার হতেন। নির্যাতিতদের অনেকেই মানসিক ভারসাম্য হারান বা আত্মহত্যা করেন, অনেক ওই ক্যাম্পে বা বাংকারে মারা যান।এ সময় জেয়াদ-আল-মালুম প্রশ্ন করেন, রাজাকার, আলবদর বাহিনীতে কারা নেতৃত্বস্থানীয় ছিলেন? সুলতানা কামাল বলেন, ‘সবচেয়ে বেশি শুনেছি গোলাম আযমের নাম। এ ছাড়া মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নামও শুনেছি।’দুপুর পৌনে একটার দিকে সুলতানা কামালের জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।